EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দেশের রপ্তানি সম্ভাবনা তুলে ধরবে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পিএম

দেশের রপ্তানি সম্ভাবনা তুলে ধরবে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’

রপ্তানি উন্নয়ন ব্যুরো’র সম্মেলন কক্ষে গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬ ঢাকা উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছবি: সংগৃহীত

অ অ

বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা তুলে ধরা, বাংলাদেশী রপ্তানি পণ্যের প্রসার এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করার উদ্দেশ্যে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছেগ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬, ঢাকা’।

আগামী ১৫-১৭ নভেম্বর ঢাকার পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই এক্সপো আয়োজন হবে। শনিবার (১৪ নভেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরো’র সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

এ সংবাদ সম্মেলনে রপ্তানি উন্নয়ন ব্যুরো’র ভাইস-চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ এ আয়োজন সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইপিবি’র মহাপরিচালকরা মোহাম্মদ শাফাওয়াত উল্লাহ ও মো. রুহুল আমিন এবং পরিচালকরা। ব্রিফিংয়ে এক্সপো আয়োজনের লক্ষ্য, সার্বিক প্রস্তুতি, বৈদেশিক ক্রেতার অংশগ্রহণ এবং দেশের রপ্তানি সম্ভাবনা বাড়ানোর কৌশল তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের এক্সপোতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, চীন, জাপান, সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান, ভারত, পাকিস্তান, এবং আর্জেন্টিনাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ক্রেতা, বিনিয়োগকারী এবং সোর্সিং প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

দেশের ১২টি রপ্তানিখাত যথা-এ্যাপারেলস ও টেক্সটাইলস, চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য ও হস্তশিল্প, কৃষি ও কৃষিজাত পণ্য, প্লাস্টিক ও কিচেনওয়্যার, ফার্নিচার ও হোমডেকর, ফার্মাসিউটিক্যাল, আইসিটি, পেপার ও প্যাকেজিং, অটোমোবাইল ও বাইসাইকেল, লাইট ইঞ্জিনিয়ারিং এবং সিরামিকস ও ট্যাবলওয়্যার খাতের ১৬১টি প্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানি, সাপ্লাই চেইন প্রতিনিধিসহ বিভিন্ন রপ্তানি বাজারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারীরা এ আয়োজনে অংশগ্রহণ করবেন, যা বাংলাদেশের উৎপাদক ও রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।

তিন দিনব্যাপী এই আয়োজনে থাকছে ৪টি বিশেষ সেমিনার, ফ্যাক্টরি ভিজিট, বিটুবি মিটিং, ২৪০টি স্টল, নেটওয়ার্কিং ডিনার ও ফ্যাশন শোসহ নানা আয়োজন।

বাংলাদেশের বৈচিত্র্যময় রপ্তানি খাতসহ অসংখ্য সম্ভাবনাময় শিল্পকে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে উপস্থাপন করবে 

 গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬ ঢাকা। এ আয়োজন দেশের রপ্তানিকারকদের জন্য নতুন বাজার অনুসন্ধান, দীর্ঘমেয়াদি ব্যবসায়িক চুক্তি, আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্ব এবং বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্তিশালী করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।

গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬ ঢাকা দেশের রপ্তানি খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং বাংলাদেশকে একটি নির্ভরযোগ্য সোর্সিং হাব হিসেবে বিশ্বের সামনে আরও দৃঢ়ভাবে উপস্থাপন করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।

আরও পড়ুন