নভেম্বরের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার
গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ২৩ দশমিক ৯ শতাংশ, চলতি অর্থবছরে মোট রেমিট্যান্স ছাড়িয়েছে ১ হাজার ২৯৮ কোটি ডলার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম
প্রবাসী আয়ে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে।
চলতি নভেম্বরের প্রথম ১১ দিনে প্রবাসীরা দেশে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ২৩ দশমিক ৯ শতাংশ। এতে রেমিট্যান্স প্রবাহের ইতিবাচক ধারা অব্যাহত থাকার ইঙ্গিত মিলছে।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, গত বছরের নভেম্বরের প্রথম ১১ দিনে রেমিট্যান্স এসেছিল ১২৩ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ২৯ কোটি ৩০ লাখ ডলার। শুধু ১১ নভেম্বর এক দিনেই এসেছে ১১ কোটি ৬০ লাখ ডলার।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১১ নভেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ২৯৮ কোটি ৯০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ১৩৮ কোটি ডলার।
এর আগে চলতি অর্থবছরের প্রথম চার মাস ১০ দিনে (১ জুলাই থেকে ১০ নভেম্বর) রেমিট্যান্স এসেছিল ১ হাজার ২৮৭ কোটি ৪০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে তা ছিল ১ হাজার ১২৫ কোটি ৮০ লাখ ডলার। তখন প্রবৃদ্ধি ছিল ১৪ দশমিক ৪ শতাংশ।
প্রবাসীদের পাঠানো এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নভেম্বরের প্রথম ১১ দিনের এই প্রবৃদ্ধি সেই ধারাবাহিকতারই প্রতিফলন।