EN ☀️
×

Follow Us

অর্থনীতি

আইসিসিবিতে শুরু ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, এক ছাদের নিচে নানা প্রযুক্তি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩৭ এএম

আইসিসিবিতে শুরু ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, এক ছাদের নিচে নানা প্রযুক্তি

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে নির্মাণ, আবাসন, বিদ্যুৎ, সৌরশক্তি, লাইটিং ও পানি ব্যবস্থাপনা খাতের ছয়টি আন্তর্জাতিক প্রদর্শনী। এসব প্রদর্শনীতে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের আধুনিক প্রযুক্তি, পণ্য ও সেবা তুলে ধরছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আইসিসিবির নবরাত্রি হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস)-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া-প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম।

সেমস-গ্লোবাল ইউএসএ আয়োজিত প্রদর্শনীগুলো হলো—৩১তম বিল্ড বাংলাদেশ, ২৫তম রিয়েল এস্টেট এক্সপো, ২৮তম পাওয়ার বাংলাদেশ, ২৩তম সোলার বাংলাদেশ, অষ্টম ঢাকা আন্তর্জাতিক লাইটিং এক্সপো এবং অষ্টম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো। আইসিসিবির বিভিন্ন হলে এসব প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

তিন দিনব্যাপী প্রদর্শনীগুলো আগামীকাল পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, নদীমাতৃক বাংলাদেশের নদীগুলোর প্রাণ ফিরিয়ে আনা এবং নাব্য পুনরুদ্ধারে সরকার কাজ করছে। দেশে নদীর সংখ্যা নিয়ে বিভিন্ন পরিসংখ্যান থাকলেও মূল বিষয় হলো, কতটি নদীতে পানির স্বাভাবিক প্রবাহ ও নাব্য রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (এসআরইডিএ) সদস্য ড. আশরাফুল আলম বলেন, সৌরশক্তি থেকে আগামী তিন থেকে চার মাসের মধ্যে তিন থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে বেসরকারি খাতের সহযোগিতা চায় সরকার। এ খাতে প্রায় তিন থেকে চার বিলিয়ন ডলার বিনিয়োগের সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিসিক) রিয়াসাত আল ওয়াসিফ, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নার্গিস মুর্শিদা এবং ইনভেস্ট বাংলাদেশের মহাপরিচালক (বিনিয়োগ উন্নয়ন, গবেষণা ও নীতি) গাজী এ কে এম ফজলুল হক।

প্রদর্শনীগুলোর মধ্যে ৩১তম বিল্ড বাংলাদেশে নির্মাণসামগ্রী, যন্ত্রপাতি, নির্মাণপ্রযুক্তি, লিফট, ইন্টেরিয়র, হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (এইচভিএসি) এবং স্যানিটারি পণ্য প্রদর্শিত হচ্ছে। ২৫তম রিয়েল এস্টেট এক্সপোতে বিভিন্ন আবাসন প্রতিষ্ঠান তাদের প্রকল্প ও সেবা তুলে ধরছে।

অন্যদিকে, পাওয়ার বাংলাদেশ ও সোলার বাংলাদেশ প্রদর্শনীতে বিদ্যুৎ উৎপাদন, সৌর প্যানেল, ব্যাটারি, ইনভার্টার এবং নবায়নযোগ্য জ্বালানিসংশ্লিষ্ট প্রযুক্তি স্থান পেয়েছে। ঢাকা আন্তর্জাতিক লাইটিং এক্সপোতে প্রদর্শিত হচ্ছে এলইডি ও স্মার্ট লাইটিং প্রযুক্তি।

এ ছাড়া ওয়াটার বাংলাদেশ এক্সপোতে পানি পরিশোধন, বর্জ্যপানি ব্যবস্থাপনা, লবণাক্ততা দূরীকরণ এবং স্মার্ট পানি ব্যবস্থাপনার আধুনিক প্রযুক্তি তুলে ধরা হচ্ছে।

আয়োজকদের আশা, ছয়টি আন্তর্জাতিক প্রদর্শনীর মাধ্যমে সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তা, বিনিয়োগকারী, আমদানিকারক, নির্মাতা ও পেশাজীবীদের মধ্যে যোগাযোগ বাড়বে। পাশাপাশি নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরি এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে এসব আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন