আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৪ এএম
ছবি: সংগৃহীত
তেজাবি স্বর্ণের দাম কমায় দেশের বাজারেও আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করেছে বাজুস। সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। এর আগের দিন বুধবারও ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছিল সংগঠনটি।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এর আগে বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং স্ট্যান্ডিং কমিটির বৈঠকে স্বর্ণের দাম কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। স্বর্ণের দাম কমানো হলেও রুপার দাম আগের মতোই অপরিবর্তিত রয়েছে।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৬ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৭০ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।