EN ☀️
×

Follow Us

অর্থনীতি

আবাসন খাতে মন্দা, এক বছরে ফ্ল্যাট বিক্রি কমেছে ৩৫ শতাংশ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:১০ এএম

আবাসন খাতে মন্দা, এক বছরে ফ্ল্যাট বিক্রি কমেছে ৩৫ শতাংশ

ছবি: সংগৃহীত

অ অ

নিজস্ব ফ্ল্যাটের স্বপ্ন দেখেন রাজধানীর অনেক মানুষ। কিন্তু চাহিদা থাকা সত্ত্বেও দেশের আবাসন খাতে মন্দা দেখা দিয়েছে। গত এক বছরে ফ্ল্যাট বিক্রি ও বুকিং কমেছে প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ। এতে আবাসন প্রতিষ্ঠানের পাশাপাশি নির্মাণসংশ্লিষ্ট শিল্প ও লাখো মানুষের কর্মসংস্থানও ঝুঁকিতে পড়েছে।

ব্যবসায়ীদের হিসাবে, ঢাকার প্রায় দুই কোটি মানুষের নিজস্ব বাসস্থান নেই। এত বড় চাহিদা থাকার পরও ফ্ল্যাট কেনাবেচায় স্থবিরতা দেখা দিয়েছে। এর পেছনে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, গৃহঋণের উচ্চ সুদ, নির্মাণসামগ্রীর দাম এবং কর ও নিবন্ধন খরচ বেড়ে যাওয়াকে দায়ী করছেন আবাসন খাতের উদ্যোক্তারা। খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও বাসাভাড়ার মতো নিয়মিত খরচ মেটাতে গিয়ে অনেক পরিবারের সঞ্চয় কমে গেছে। ফলে ফ্ল্যাট কেনার পরিকল্পনা থাকলেও অনেকে তা থেকে সরে আসছেন। ঋণের কিস্তির চাপের কারণেও সম্ভাব্য ক্রেতাদের অনেকে বড় অঙ্কের ঋণ নিতে চাইছেন না।

অন্যদিকে, নির্মাণব্যয় বাড়ায় ফ্ল্যাটের দামও কমছে না। ব্যবসায়ীদের হিসাবে, এক বছরে নির্মাণ উপকরণের ব্যয় বেড়েছে ৩১ শতাংশের বেশি।

রিহ্যাবের সভাপতি ড. আলী আফজালের দাবি, সার্বিক নির্মাণ ব্যয় বেড়েছে প্রায় ৪৩ শতাংশ। এ ছাড়া ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ফ্ল্যাটের সরকারি মূল্যের ওপর নতুন করে ১৫ শতাংশ মূলধনি মুনাফা কর আরোপ করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে নিবন্ধন খরচ মোট মূল্যের ১৩ শতাংশ ছাড়িয়ে যাচ্ছে। এসব ব্যয় কমানোর দাবি জানিয়েছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব।

সামাজিক যোগাযোগমাধ্যমে জমি ও ফ্ল্যাটের দাম ব্যাপকভাবে কমার খবর ছড়ালেও এর পক্ষে উল্লেখযোগ্য তথ্য নেই। উদ্যোক্তাদের হিসাবে, গত তিন বছরে আবাসিক ইউনিটের দাম সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত বেড়েছে। জমি, শ্রমিকের মজুরি, নির্মাণ উপকরণ ও অর্থায়নের ব্যয় না কমায় প্রতিষ্ঠানগুলো ফ্ল্যাটের দাম কমাতে পারছে না। ফলে ক্রেতার আর্থিক সামর্থ্যের সঙ্গে ফ্ল্যাটের দামের বড় ব্যবধান তৈরি হয়েছে। 

আবাসন খাতের মন্দার প্রভাব পড়েছে নির্মাণসংশ্লিষ্ট অন্যান্য শিল্পেও। রড, সিমেন্ট, সিরামিক, কাচ, অ্যালুমিনিয়াম, কাঠ ও বৈদ্যুতিক সরঞ্জামসহ ২৬৯টি সহযোগী শিল্প এ খাতের ওপর নির্ভরশীল।

বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, রডের বিক্রি সর্বোচ্চ ৪৫ শতাংশ কমেছে। সিরামিক পণ্যের চাহিদা কমেছে ২০ থেকে ৩০ শতাংশ। বৈদ্যুতিক সরঞ্জামের বিক্রি কমেছে সর্বোচ্চ ৫০ শতাংশ। রিহ্যাবের হিসাবে, আবাসন ও সংশ্লিষ্ট শিল্পগুলোতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে। ব্যবসার গতি কমে যাওয়ায় তাঁদের জীবিকা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ব্যাংকঋণ পরিশোধেও সমস্যা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট একটি প্রতিবেদনে আবাসন খাতে খেলাপি ঋণের হার প্রায় ২৭ শতাংশে পৌঁছানোর তথ্য উঠে এসেছে।

এদিকে, নির্ধারিত সময়ে ফ্ল্যাট বুঝিয়ে না দেওয়া এবং অর্থ আত্মসাতের অভিযোগে ক্রেতাদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। সংকট কাটাতে ঢাকার বাইরে সাশ্রয়ী আবাসন গড়ে তোলা এবং যোগাযোগব্যবস্থা ও নাগরিক সুবিধা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন রিহ্যাবের সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জাক।

অর্থনীতিবিদ শাহাদাত হোসেন সিদ্দিকীর মতে, নির্মাণ ও বিক্রয় কার্যক্রম দীর্ঘদিন স্থবির থাকলে সামগ্রিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে। এ জন্য স্বল্প সুদে দীর্ঘমেয়াদি গৃহঋণ এবং বিশেষ অর্থায়ন তহবিল গঠন করা প্রয়োজন।

সব মিলিয়ে আবাসন খাতের সংকটের প্রধান কারণ ফ্ল্যাটের দাম কমে যাওয়া নয়, বরং ক্রেতাদের ক্রয়ক্ষমতা হ্রাস ও বিক্রিতে স্থবিরতা। নির্মাণব্যয়, ঋণের সুদ ও করের চাপ কমানোর পাশাপাশি আবাসন প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে ক্রেতাদের আস্থা ফেরানো জরুরি।

আরও পড়ুন