পোশাক শিল্পের সুরক্ষায় উদ্যোক্তাদের ১১ দফা দাবি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০২:০৩ এএম
পোশাক শিল্পের সক্ষমতা, উৎপাদনশীলতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার স্বার্থে সরকারের কাছে ১১ দফা দাবি জানিয়েছেন এ খাতের উদ্যোক্তারা। শ্রমিকদের মজুরি বৃদ্ধির পাশাপাশি শিল্পের স্বার্থ, উৎপাদন ব্যয় এবং উদ্যোক্তাদের টিকে থাকার বিষয়টিও সমান গুরুত্ব দিয়ে বিবেচনার আহ্বান জানিয়েছেন তাঁরা।
উদ্যোক্তাদের দাবির মধ্যে রয়েছে পণ্যভিত্তিক ন্যূনতম ক্রয়মূল্য নির্ধারণ, উৎপাদনশীলতাভিত্তিক মজুরি ব্যবস্থা চালু, ব্যাংকঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনা এবং বাংলাদেশ ব্যাংক ও তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সমন্বয়ে মনিটরিং সেল গঠন।
এ ছাড়া বিভিন্ন সংস্থার পৃথক পরিদর্শন ও অডিটের পরিবর্তে সমন্বিত কমপ্লায়েন্স ব্যবস্থা চালু এবং সনদের মেয়াদ ন্যূনতম তিন বছর করার দাবি জানিয়েছেন তাঁরা। শিল্প-সংশ্লিষ্ট সরকারি লাইসেন্স ও অনুমোদনের মেয়াদ পাঁচ বছর করার প্রস্তাবও রয়েছে।
আমদানি-রপ্তানি কার্যক্রমে কাস্টমস, ভ্যাট ও বন্দর ব্যবস্থাপনায় হয়রানি, প্রশাসনিক জটিলতা এবং পণ্য খালাসে দীর্ঘসূত্রতা বন্ধের দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। একই সঙ্গে বায়িং হাউজের কমিশন ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত, মাস্টার এলসি ট্রান্সফারের ক্ষেত্রে এমটি ৭২০ সুবিধা বাতিল এবং বায়িং হাউজের মাধ্যমে সম্পাদিত ক্রয়-বিক্রয় চুক্তির বিপরীতে ব্যাংক গ্যারান্টি বা গ্রহণযোগ্য জামানত বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছেন তাঁরা।
শ্রমিক সংগঠনগুলোর নিবন্ধন, আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সংগঠনগুলোর স্থানীয় কার্যালয় ও হালনাগাদ সদস্যতালিকা প্রকাশের ব্যবস্থার কথাও বলা হয়েছে।
উদ্যোক্তাদের অন্য দাবির মধ্যে রয়েছে পোশাক শিল্পের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন, শ্রমিকদের রেশন কার্ডের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ এবং শিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ উদ্যোক্তাদের রাষ্ট্রীয় সম্মাননা প্রদান।
এ ছাড়া রপ্তানিমুখী শিল্পের উৎপাদন সচল রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা। জ্বালানি সংকট, লোডশেডিং কিংবা সরবরাহ ব্যবস্থার ত্রুটির কারণে উৎপাদন ব্যাহত হলে ক্ষতিগ্রস্ত শিল্পপ্রতিষ্ঠানকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও চান উদ্যোক্তারা।
তাঁদের মতে, নবগঠিত মজুরি বোর্ড শ্রমিকদের দাবি বিবেচনায় যে হারে মজুরি বৃদ্ধি করুক না কেন, শিল্পের সক্ষমতা, উৎপাদনশীলতা, আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকা এবং উদ্যোক্তাদের অস্তিত্ব রক্ষার বিষয়গুলোও সমান গুরুত্ব দিতে হবে। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি পোশাক শিল্পের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা রক্ষায় এসব দাবি বাস্তবায়ন জরুরি।