বিম্যাটসের সেমিনার: বৈদ্যুতিক শিল্পে নীতি সহায়তার আহ্বান
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পিএম
দেশের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন ও আমদানিনির্ভরতা কমাতে দেশীয় বৈদ্যুতিক সরঞ্জাম শিল্পে জরুরি নীতি সহায়তার আহ্বান জানিয়েছেন খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। শুক্রবার (২৯ অক্টোবর) রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে বাংলাদেশ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব ট্রান্সফরমার্স অ্যান্ড সুইচগিয়ার্স (বিম্যাটস)-এর প্রথম বার্ষিক সাধারণ সভা (এজিএম) উপলক্ষে আয়োজিত এক বিশেষ সেমিনারে এই আহ্বান জানানো হয়।
‘পাওয়ার-আপ বাংলাদেশ: থ্রু ইমপোর্ট সাবস্টিটিউশন অ্যান্ড গ্রোয়িং এক্সপোর্ট উইথ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট – মেইড ইন বাংলাদেশ’ শীর্ষক এই সেমিনারে মিডিয়া স্পন্সর হিসেবে ছিল বাছাড় ইঞ্জিনিয়ারিং লিমিটেড।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী। বিম্যাটস-এর সহ-সভাপতি প্রকৌশলী মো. জাহাঙ্গীর আল জিলানী সংগঠনের কার্যক্রম ও দেশীয় ট্রান্সফরমার, সুইচগিয়ার ও প্যানেলের বাজারের চিত্র তুলে ধরে একটি তথ্যচিত্র উপস্থাপন করেন।
তথ্যচিত্রে জানানো হয়, বর্তমানে দেশে প্রায় ৪৭৫ কোটি ডলারের বৈদ্যুতিক সরঞ্জামের চাহিদা রয়েছে। যার প্রায় ৭৫ শতাংশই বিদেশ থেকে আমদানি করতে হয়। অথচ বিম্যাটস-এর ৩৩টি সদস্য প্রতিষ্ঠানসহ শতাধিক দেশীয় প্রতিষ্ঠান এখন আন্তর্জাতিক মানের এসব পণ্য দেশেই তৈরি করছে। ইতোমধ্যে বিম্যাটস-এর বেশ কিছু প্রতিষ্ঠান ভারত, নেপাল, তানজানিয়াসহ ইউরোপের ৮টি দেশে ২ কোটি ৩০ লাখ ডলারের বেশি মূল্যের পণ্য রপ্তানি করেছে।
বক্তারা উল্লেখ করেন, বিশ্ববাজারে এসব পণ্যের বর্তমান ৫০০ বিলিয়ন ডলারের বাজার আগামী ১০ বছরে ৯০০ বিলিয়ন ডলারে পৌঁছাবে। সরকারি ক্রয়ে দেশীয় পণ্যে মূল্য অগ্রাধিকার, কাঁচামালে কম শুল্ক ও জাতীয় টেস্টিং ল্যাব সুবিধা পেলে আগামী ১০ বছরে দেশীয় আমদানিনির্ভরতা ২৫ শতাংশে নেমে আসবে, রপ্তানি বছরে প্রায় ৪০০ কোটি ডলারে পৌঁছাবে এবং প্রায় ১,৪৩০ কোটি ডলার বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হবে।
প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন বলেন, স্বদেশী শিল্পের বিকাশ এবং আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদনের মাধ্যমে দেশের মূলধন দেশে রাখাই এখন সময়ের দাবি। সরকার মানসম্পন্ন গবেষণাগার স্থাপন, প্রযুক্তিগত সহায়তা এবং জাতীয় ক্রয়ে গুণগত দেশীয় পণ্যকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে।
সেমিনারটি সঞ্চালনা করেন বিম্যাটস-এর সাধারণ সম্পাদক উৎপল কুমার দাস এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী মো. রবিউল আলম। মূল প্রবন্ধ উপস্থাপনের পর একটি উন্মুক্ত প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে বিদ্যুৎ বিভাগ, বিপিডিবি, ইপিবি, পাওয়ার সেল, বিপিপিএ এবং বিএসটিআইয়ের প্রতিনিধিরা অংশ নেন।