EN ☀️
×

Follow Us

অর্থনীতি

চিকিৎসা প্রযুক্তিতে খরচ কমাতে পৃথক নীতিমালা চায় অ্যামচেম

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১১:৪২ এএম

চিকিৎসা প্রযুক্তিতে খরচ কমাতে পৃথক নীতিমালা চায় অ্যামচেম

ছবি: সংগৃহীত

অ অ

চিকিৎসা সরঞ্জামের নিবন্ধন দ্রুত করা, আমদানি ব্যয় কমানো এবং অনুমোদন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে পৃথক নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশে আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম)। এ লক্ষ্যে পাঁচটি নীতিগত সুপারিশ তুলে ধরেছে সংগঠনটি।

সোমবার (১৯ অক্টোবর) ঢাকায় ‘রোগীর চিকিৎসার ফলাফল উন্নয়নে বাংলাদেশে চিকিৎসা প্রযুক্তির সম্ভাবনা উন্মোচন’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব সুপারিশ তুলে ধরা হয়। এতে সরকারি কর্মকর্তা, যুক্তরাষ্ট্রের দূতাবাসের প্রতিনিধি এবং চিকিৎসা প্রযুক্তি খাতের ব্যবসায়ী নেতারা অংশ নেন।

অ্যামচেমের পাঁচটি সুপারিশের মধ্যে রয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) আওতায় চিকিৎসা সরঞ্জামের জন্য পৃথক নির্দেশিকা প্রণয়ন, নিবন্ধনের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ, আবেদনপত্রের নথি সমান্তরালভাবে পর্যালোচনা, খুচরা মূল্য অনুমোদনে পূর্বানুমানযোগ্যতা এবং চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রাংশের ওপর শুল্ক-কর যৌক্তিকীকরণ। এ ছাড়া মেরামতের জন্য সরঞ্জাম পুনরায় রপ্তানি ও যন্ত্রাংশ আমদানির নিয়ম সহজ করার প্রস্তাব দিয়েছে সংগঠনটি।

অ্যামচেমের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল জানান, সংগঠনটির সদস্য প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশে বিদ্যমান বিনিয়োগের পরিমাণ ৫০০ কোটি ডলারের বেশি। আগামী পাঁচ বছরে আরও ৫০০ কোটি ডলারের বিনিয়োগে সহায়তা করার লক্ষ্য রয়েছে তাদের।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর হোসেন বলেন, চিকিৎসা সরঞ্জামের নিবন্ধন প্রক্রিয়া সহজ করা এবং আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থাগুলোর পরিদর্শন কার্যক্রম পুনরায় চালুর জন্য কাজ চলছে।


প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত চিকিৎসা সরঞ্জামের অনুমোদনে বিলম্বের বিষয়টি স্বীকার করে প্রক্রিয়া দ্রুত করার উদ্যোগের কথা জানান। তিনি বিদেশি প্রতিষ্ঠানগুলোকে সরঞ্জামের বিক্রয়োত্তর সেবা, প্রযুক্তি হস্তান্তর, স্থানীয় উৎপাদন ও সংযোজন এবং বাংলাদেশের প্রকৌশলী ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণে সহযোগিতার আহ্বান জানান।

বৈঠকে অংশগ্রহণকারীরা চিকিৎসা প্রযুক্তি খাতে স্বচ্ছ ও পূর্বানুমানযোগ্য নিয়ন্ত্রক পরিবেশ গড়ে তুলতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং ডিজিডিএর সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে মেডট্রনিক বাংলাদেশ।

আরও পড়ুন