দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১১:৪০ এএম
ছবি: সংগৃহীত
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে তিন দিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে।
রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। সার্কুলার লেটার নম্বর ১৫-তে বলা হয়েছে, ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২২ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। এর পরের দুই দিন, ২৩ ও ২৪ অক্টোবর, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ১৭ অক্টোবর শনিবার ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।
এদিকে, আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এসব এলাকার শাখা ও বুথে ২০ থেকে ২২ অক্টোবরের সরকারি ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আমদানি-রপ্তানি-সংক্রান্ত কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখতে হবে।
এ জন্য স্থানীয় প্রশাসন এবং বন্দর বা কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
