বাংলাদেশে প্রযুক্তি ও লজিস্টিকস খাতে বিনিয়োগে আগ্রহী লিথুয়ানিয়া
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১০:০৩ পিএম
এফবিসিসিআই প্রশাসকের সঙ্গে লিথুয়ানিয়ার পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টার ভিডমান্টাস ভার্বিকাসের সৌজন্য সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
বাংলাদেশে প্রযুক্তি, পরিবহন ও লজিস্টিকস খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে উত্তর-পূর্ব ইউরোপের দেশ লিথুয়ানিয়া। দ্বিপাক্ষিক বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা জোরদারের অংশ হিসেবে দেশটি বাংলাদেশকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের একটি কৌশলগত বাণিজ্যিক হাব হিসেবে ব্যবহার করতে চায়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে এফবিসিসিআই কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান লিথুয়ানিয়ার পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টার ভিডমান্টাস ভার্বিকাস।
লিথুয়ানিয়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এফবিসিসিআই প্রশাসক ফজলুল হক দেশটির ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের ব্যবসায়ীদের অন্য দেশ থেকে ভিসা নেওয়া কষ্টসাধ্য। ঢাকায় ভিসা কেন্দ্র বা অন্য শেনজেন কনস্যুলেটের মাধ্যমে ভিসা সহজ করার উপায় খোঁজা হচ্ছে বলে জানান ভাইস মিনিস্টার।
বৈঠকে ভাইস মিনিস্টার আগামী বছর লিথুয়ানিয়ায় অনুষ্ঠিতব্য ‘ডিজিটেক সামিট’ এবং ‘ইইউ-বাংলাদেশ বিজনেস ফোরাম’-এ অংশ নিতে বাংলাদেশী ব্যবসায়ী প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানান।