সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পিএম
সদ্য শেষ হওয়া সেপ্টেম্বরে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ২৭৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩৪ হাজার কোটি টাকার বেশি। প্রতি ডলার ১২৩ টাকা ধরে এ হিসাব করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ মাসিক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬–২৭ অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে আগের বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ৩ শতাংশ। গত বছরের সেপ্টেম্বরে দেশে এসেছিল ২৬৮ কোটি ৬০ লাখ ডলার।
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৮৬ কোটি ডলার। আগস্টে আসে ২৯৬ কোটি ৬৬ লাখ ডলার। আর সেপ্টেম্বরে এসেছে ২৭৬ কোটি ৬০ লাখ ডলার।
এ নিয়ে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে দেশে রেমিট্যান্স এসেছে মোট ৮৫৯ কোটি ১০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৭৫৮ কোটি ৬০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রথম তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৩ শতাংশ।
রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস। বৈধ পথে প্রবাসী আয় বাড়লে দেশে ডলারের সরবরাহও বাড়ে। এতে আমদানি ব্যয় মেটানো এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় সহায়তা করে।
হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন উদ্যোগ, প্রবাসীদের জন্য প্রণোদনা এবং ব্যাংকিং সেবা সহজ করার কারণে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। তাদের মতে, রেমিট্যান্সে ধারাবাহিক প্রবৃদ্ধি অর্থনীতির জন্য ইতিবাচক।
এর আগে ২০২৫–২৬ অর্থবছরে দেশে বৈধ চ্যানেলে মোট ৩ হাজার ৫৫৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। আগের অর্থবছরে এসেছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার।
অর্থাৎ ২০২৫–২৬ অর্থবছরে আগের বছরের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ৫২৬ কোটি ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ। বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে এটিই ছিল সর্বোচ্চ রেমিট্যান্স।