কানাডার বিনিয়োগ সুরক্ষায় আইনি কাঠামো চাইল বিবিসিসি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পিএম
বাংলাদেশে কানাডার বিনিয়োগ সুরক্ষায় প্রয়োজনীয় আইনি কাঠামো তৈরির ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডা (বিবিসিসি)। একই সঙ্গে কানাডায় বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়াতে চিংড়ি, তৈরি পোশাক, তথ্যপ্রযুক্তি, পাটজাত ও চামড়াজাত পণ্যের বাজার সম্প্রসারণের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয় তুলে ধরে বিবিসিসির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। বিবিসিসির সহসভাপতি ফেরদৌস আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদলটি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ করে।
সাক্ষাতে বিবিসিসি জানায়, বাংলাদেশে প্রয়োজনীয় পরীক্ষাগার সুবিধা না থাকায় কানাডায় বাংলাদেশ থেকে চিংড়ি রপ্তানিতে সমস্যা হচ্ছে। এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।
প্রতিনিধিদল আরও জানায়, কানাডা চীন ও ভিয়েতনাম থেকে বিপুল পরিমাণ তৈরি পোশাক আমদানি করে। সেখানে বাংলাদেশের তৈরি পোশাকের বাজার বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। কানাডা তথ্যপ্রযুক্তি খাতে আউটসোর্সিংয়ের বড় বাজার হলেও সেখানে বাংলাদেশের অংশ খুবই কম। দক্ষ জনশক্তি কাজে লাগিয়ে এ খাতে বাংলাদেশের অংশ বাড়ানো সম্ভব।
এ ছাড়া কানাডায় বাংলাদেশি পাটজাত পণ্য ও চামড়াজাত পণ্যের রপ্তানি বাড়ানোরও ভালো সুযোগ রয়েছে বলে জানায় বিবিসিসি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ কানাডা থেকে বাংলাদেশে আরও বেশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনার ওপর গুরুত্বারোপ করেন।
বিবিসিসি জানায়, বাংলাদেশি পণ্যের প্রচারের জন্য আগামী বছর কানাডায় একটি রোডশো আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেছে সংগঠনটি।
প্রতিমন্ত্রী বিবিসিসির প্রয়োজন অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তবে এ বিষয়ে বিবিসিসিকে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার অনুরোধ জানান তিনি।