সম্মিলিত ইসলামী ব্যাংকে অর্থ ফেরতের গতি বাড়ছে, চতুর্থ দিনে ৩৯১ কোটি পরিশোধ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ এএম
সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রমে গতি বেড়েছে। চতুর্থ দিনে ৯ হাজার ৪১ জন গ্রাহককে ৩৯১ কোটি টাকা পরিশোধ করেছে ব্যাংকটি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গ্রাহকদের আবেদনের ভিত্তিতে এসব অর্থ পরিশোধ করা হয়।
ব্যাংক সূত্রে জানা গেছে, একই দিনে নতুন করে ১১ হাজার ৩৮৫টি আবেদন জমা পড়েছে। এসব আবেদনের বিপরীতে চাওয়া হয়েছে ৩৭৪ কোটি টাকা।
গত ১ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের টাকা উত্তোলনের আবেদন গ্রহণ শুরু করে সম্মিলিত ইসলামী ব্যাংক। আর ৭ সেপ্টেম্বর থেকে আবেদন অনুযায়ী অর্থ পরিশোধ কার্যক্রম শুরু হয়। এর ধারাবাহিকতায় চতুর্থ দিনে ৯ হাজার ৪১ জন গ্রাহক ৩৯১ কোটি টাকা উত্তোলন করেন।
এর আগে ৭ সেপ্টেম্বর প্রথম দিনে ৮ হাজার ১২৫ জন গ্রাহক ৩১৯ কোটি টাকা উত্তোলন করেন। একই দিনে ব্যাংকে নগদ ৯৩ কোটি এবং আরটিজিএস, বিটিএফএন ও ক্লিয়ারিংয়ের মাধ্যমে ৫১ কোটি টাকা—মোট ১৪১ কোটি টাকা প্রবাহিত হয়। ওই দিন মোট ১৬ হাজার ৬০০টি লেনদেন সম্পন্ন হয়।
৮ সেপ্টেম্বর দ্বিতীয় দিনে ৭ হাজার ২৩৪ জন গ্রাহক ৩৪০ কোটি টাকা উত্তোলন করেন। এদিন নগদ ৯০ কোটি এবং বিটিএফএন, আরটিজিএস ও ক্লিয়ারিংয়ের মাধ্যমে ১০৫ কোটি টাকা—মোট ১৯৫ কোটি টাকা ব্যাংকে প্রবাহিত হয়। সেদিন মোট ১৬ হাজার ৫০টি লেনদেন সম্পন্ন হয়।
৯ সেপ্টেম্বর তৃতীয় দিনে ১০ হাজার ৬৯৭ জন গ্রাহক ৩৮১ কোটি টাকা উত্তোলন করেন। ওই দিনও আবেদন অনুযায়ী গ্রাহকদের অর্থ পরিশোধ করা হয়।
ব্যাংক সূত্র আরও জানায়, ১ সেপ্টেম্বর ১৮ হাজার ৪৬ জন গ্রাহক মোট ১ হাজার ৩২৫ কোটি টাকা উত্তোলনের আবেদন করেন। ২ সেপ্টেম্বর আবেদন করেন ১৯ হাজার ৬১৩ জন, তাঁদের আবেদনের পরিমাণ ছিল ১ হাজার ১৬ কোটি টাকা। ৩ সেপ্টেম্বর ২১ হাজার ৮৬ জন গ্রাহক ৯৬৩ কোটি টাকা উত্তোলনের আবেদন করেন।
গ্রাহকদের অর্থ পরিশোধের পাশাপাশি ব্যাংকে অর্থের প্রবাহও অব্যাহত রয়েছে। ব্যক্তিগত হিসাবগুলোতে স্বাভাবিক লেনদেন কার্যক্রম চলছে এবং এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবেদুর রহমান শিকদার বলেন, গ্রাহকদের আবেদন অনুযায়ী অর্থ পরিশোধ কার্যক্রম চলমান রয়েছে। প্রতিদিন উল্লেখযোগ্যসংখ্যক গ্রাহক তাঁদের অর্থ উত্তোলন করছেন। একই সঙ্গে ব্যাংকে অর্থের প্রবাহ ও স্বাভাবিক লেনদেন কার্যক্রমও অব্যাহত রয়েছে।
গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার এবং ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
