দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পিএম
ছবি: সংগৃহীত
দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। তেজাবি স্বর্ণের দাম কমায় প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১০০ টাকা কমে হয়েছে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা। ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৭৫০ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা।
সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৩ সেপ্টেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা নির্ধারণ করা হয়। একইভাবে ২১ ক্যারেটের দাম ৫ হাজার ২৪৯ টাকা বেড়ে ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৪৯১ টাকা বেড়ে ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ৩ হাজার ৬৭৪ টাকা বেড়ে ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা হয়েছিল।
এদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ২০৭ টাকা।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ১১২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ৫৬ বার কমানো হয়েছে।