EN ☀️
×

Follow Us

অর্থনীতি

গাড়িপ্রেমীদের ভিড়ে মুখরিত আইসিসিবির ‘সুপার সেল কার বাজার’

গাড়ি দেখা, দরদাম আর ফাইন্যান্সিংয়ের তথ্য নিতে শুক্রবার বিকেলে ভিড় জমান গাড়িপ্রেমী ও ক্রেতা-বিক্রেতারা

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পিএম

গাড়িপ্রেমীদের ভিড়ে মুখরিত আইসিসিবির ‘সুপার সেল কার বাজার’

আইসিসিবি বসুন্ধরায় প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’। একই ছাদের নিচে নতুন ও ব্যবহৃত গাড়ি কেনাবেচাসহ মিলবে ব্যাংক ঋণ সুবিধা। ছবি: রিয়াজ আহমেদ সুমন

অ অ

গাড়ি দেখা ও দরদামে ব্যস্ত ক্রেতা-বিক্রেতা, আবার কেউ ব্যাংকের প্রতিনিধির কাছে ঋণের খোঁজে—এমন ব্যস্ততায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে প্রাণবন্ত হয়ে ওঠে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)। এদিন জাঁকালো আয়োজনের মধ্য দিয়ে আইসিসিবি প্রাঙ্গণে যাত্রা শুরু করে সুপার সেল কার বাজার। উইজার্ড শোবিজ ও আইসিসিবির যৌথ উদ্যোগে এই কার বাজার বসবে প্রতি শুক্রবার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান। তিনি বলেন, ‘নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত যানবাহন এক ছাদের নিচে যাচাই করার সুযোগ এবং পাশাপাশি সহজ ফাইন্যান্সিং সুবিধার মাধ্যমে ক্রেতা ও বিক্রেতাদের জন্য একটি স্বচ্ছ ও সুবিধাজনক আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম হতে যাচ্ছে সুপার সেল কার বাজার।’

আইসিসিবির প্রধান পরিচালনা কর্মকর্তা এম এম জসীম উদ্দীন বলেন, ‘ক্রেতা ও বিক্রেতার মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি করাই আইসিসিবি কার বাজারের মূল লক্ষ্য। এতে ক্রেতারা ন্যায্য ও প্রকৃত মূল্যে পছন্দের গাড়ি কেনার সুযোগ পাবেন। একটি গাড়ি একটি পরিবারের স্বপ্ন, তাই কেনার আগে গাড়ি যাচাই-বাছাইয়ের জন্য এখানে রয়েছে বিশেষজ্ঞ টেকনিক্যাল টিম। পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতায় থাকছে সহজ অর্থায়নের সুবিধা। ভবিষ্যতে কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে বিভিন্ন কমার্শিয়াল ভেহিকলও এ আয়োজনে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। বসুন্ধরার উদ্যোগগুলো যেমন মাইলফলক তৈরি করে, আশা করি এই কার বাজারও বাংলাদেশের জন্য তেমন একটি মাইলফলক হবে।’

বারভিডার মহাসচিব রিয়াজ রহমান বলেন, বসুন্ধরা ও ইব্রাহিম সাহেবের উদ্যোগে এমন একটি সুন্দর পরিবেশে কার বাজার আয়োজন সত্যিই প্রশংসনীয়। এখানে নতুন ও পুরনো গাড়ি এক জায়গায় দেখার সুযোগ থাকায় ক্রেতাদের জন্য বিষয়টি অনেক সহজ হয়েছে। এটি আমাদের জন্য একটি ভালো সূচনা। আগামী সপ্তাহগুলোতে আয়োজনটি আরো বড় ও সুন্দরভাবে করা সম্ভব হবে বলে আশা করছি।

তিনি আরও বলেন, বৃষ্টিসহ বিভিন্ন প্রতিকূল আবহাওয়াতেও এখানে গাড়ি দেখার সুযোগ রয়েছে। একইসঙ্গে দালালদের বিভিন্ন ঝামেলা এড়িয়ে সরাসরি গাড়ি কেনার সুযোগ তৈরি হয়েছে। আগামী ৫, ৬ ও ৭ নভেম্বর আরো বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ আয়োজনে ক্রেতা ও গণমাধ্যমের সহযোগিতা চান তিনি।

আয়োজকরা জানান, আধুনিক ও নিরাপদ পরিবেশে গাড়ি ক্রয়-বিক্রয়ের নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এর মাধ্যমে ক্রেতারা সরাসরি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছ থেকে অটো লোন ও গাড়ি ফাইন্যান্সিং সম্পর্কে জানতে পারবেন।

উদ্বোধনী আয়োজনে ট্রাস্ট ব্যাংক, আইপিডিসি ফাইন্যান্স, উইজার্ড শোবিজের প্রতিনিধি এবং দেশের অটোমোবাইল খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকদের বিশ্বাস, এই কার বাজার দ্রুতই রাজধানীর অন্যতম জনপ্রিয় অটোমোবাইল মার্কেটপ্লেসে পরিণত হবে।

আরও পড়ুন