EN ☀️
×

Follow Us

অর্থনীতি

শিল্পখাতে সহযোগিতা জোরদারে আইএলও-ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মতবিনিময়

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পিএম

শিল্পখাতে সহযোগিতা জোরদারে আইএলও-ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মতবিনিময়

বাংলাদেশ ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মধ্যে মতবিনিময় সভা

অ অ

শ্রমিকদের অধিকার সুরক্ষা, শিল্পখাতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রম-সম্পর্কিত বিষয়ে দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদারে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), বাংলাদেশ ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনিওন ও সিনিয়র প্রোগ্রাম অফিসার রিফাত জাবীন খান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদর দপ্তরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক গাজী জসীম উদ্দিনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দৈনন্দিন কার্যক্রম, শিল্পাঞ্চলে শ্রম-সম্পর্কিত বিভিন্ন বিষয়, শ্রমিক ও শিল্পখাতের নিরাপত্তা, শ্রম বিরোধ প্রতিরোধ ও সমাধানে পুলিশের ভূমিকা এবং শিল্পাঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পুলিশের কার্যক্রম তুলে ধরা হয়।

আলোচনায় শ্রম অধিকার, সামাজিক সংলাপ, কর্মক্ষেত্রে ন্যায়সংগত পরিবেশ এবং শোভন কর্মসংস্থানের ক্ষেত্রে আইএলওর লক্ষ্য ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দায়িত্ব ও কার্যক্রমের মধ্যে পারস্পরিক সমন্বয়ের বিষয়টি গুরুত্ব পায়। শ্রমিকদের অধিকার সুরক্ষা, শিল্পখাতে স্থিতিশীলতা এবং শ্রম-সম্পর্কিত বিভিন্ন বিষয়ে কার্যকর সহযোগিতার সুযোগ নিয়েও উভয় পক্ষের প্রতিনিধিরা আলোচনা করেন।

সভায় উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি (অপারেশন অ্যান্ড ক্রাইম) আব্দুল্লাহ আল মামুন, ডিআইজি হারুন-উর-রশিদ হাযারী, ডিআইজি (ইন্টেলিজেন্স) রেজাউল হক এবং অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) হাসিবুল আলম।

আরও পড়ুন