অর্থবছরের সময় পরিবর্তন, ২০২৮-২৯ থেকে নতুন সময় ১ এপ্রিল থেকে ৩১ মার্চ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৯:২৪ পিএম
ছবি সংগৃহীত
দেশের অর্থবছরের সময় পরিবর্তন করেছে সরকার। সময় বদল করে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ করার সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে অর্থবছর চলে ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত। তবে পরিবর্তনের জন্য একটি অন্তর্বর্তী সময় রাখা হয়েছে। ২০২৭-২৮ অর্থবছরকে ট্রানজিশনাল অর্থবছর হিসেবে বিবেচনা করা হবে। ওই অর্থবছর জুলাই থেকে মার্চ পর্যন্ত নয় মাসে শেষ হবে।
এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন সময়সূচি কার্যকর হবে। তখন অর্থবছর হবে এপ্রিল থেকে পরের বছরের মার্চ পর্যন্ত।
সোমবার (১৭ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ১ জুলাই থেকে ৩০ জুন অর্থবছর হওয়ায় জুলাই-আগস্টে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চলতে থাকে। এ সময় বর্ষা থাকায় উন্নয়নকাজ দীর্ঘায়িত হয়। এতে কাজের গুণগত মানও ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি জনদুর্ভোগ সৃষ্টি হয়।
সরকার মনে করছে, এপ্রিল থেকে মার্চ অর্থবছর হলে বর্ষা শুরুর আগেই অবকাঠামোগত উন্নয়নকাজ শেষ করা সম্ভব হবে। এ কারণে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত সময়কে অর্থবছর হিসেবে নির্ধারণ করা যুক্তিযুক্ত।
অর্থবছর পরিবর্তনের পরবর্তী কর্মপন্থা ঠিক করতে একটি কমিটি গঠন করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, লেজিসলেটিভ বিভাগ ও অর্থ বিভাগসহ সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এ কমিটি কাজ করবে।
অর্থবছর পরিবর্তনের জন্য বাংলাদেশের সংবিধান ও জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭-এ প্রয়োজনীয় সংশোধন করতে হবে। একই সঙ্গে সরকারের আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত বিভিন্ন সিস্টেমেও প্রযুক্তিগত পরিবর্তন আনতে হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭-২৮ অর্থবছর হবে পরিবর্তনের মধ্যবর্তী সময়। ওই অর্থবছর জুলাই থেকে মার্চ পর্যন্ত নয় মাস চলবে। এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে এপ্রিল-মার্চ সময়সূচিতে সরকারের সব কার্যক্রম পরিচালিত হবে।