১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৭:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
দেশের গ্যাসের চাহিদা পূরণে চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে সরকার-টু-সরকার চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান থেকে ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কেনা হবে। অন্য তিন প্রতিষ্ঠান থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে আরও ছয় কার্গো এলএনজি কেনা হবে।
বুধবার (১২ আগস্ট) অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন করা হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রস্তাবগুলো উপস্থাপন করে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, যুক্তরাজ্যের ব্ল্যাককিউব ইন্টারন্যাশনাল লিমিটেডের কাছ থেকে দুই কার্গো এলএনজি কেনা হবে। প্রতি এমএমবিটিইউর দাম নির্ধারণ করা হয়েছে ১৫ দশমিক ৫০ মার্কিন ডলার।
ওমানের ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসির কাছ থেকেও দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এসব এলএনজির দাম জেকে এম সূচকের সঙ্গে প্রতি এমএমবিটিইউ ০.৫৪ মার্কিন ডলার যোগ করে নির্ধারণ করা হবে।
এ ছাড়া হংকংয়ের ঝেনইউ শিপিং কোম্পানি লিমিটেডের কাছ থেকে ২০২৬ সালে সরাসরি ক্রয় পদ্ধতিতে দুই কার্গো এলএনজি কেনা হবে। প্রতি এমএমবিটিইউ ১৪ দশমিক ৯৫ মার্কিন ডলার দরে এসব এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
অন্যদিকে, সরকার-টু-সরকার চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের গানভর ইউএসএ এলএলসির কাছ থেকে ২০২৬ থেকে ২০৩৮ সাল পর্যন্ত মোট ১১৭ কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
চুক্তি অনুযায়ী, ২০২৬ সালে পাঁচ কার্গো, ২০২৭ সালে ছয় কার্গো এবং ২০২৮ সালে তিন কার্গো এলএনজি কেনা হবে। এ ছাড়া ২০২৮ সালে আরও তিন কার্গো এবং ২০২৯ থেকে ২০৩৮ সাল পর্যন্ত প্রতিবছর ১০ কার্গো করে এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে জ্বালানির নিরাপদ সরবরাহ নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। এ কারণে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি ব্যবস্থায় এলএনজি সংগ্রহ করে গ্যাসের চাহিদা পূরণের উদ্যোগ নেওয়া হচ্ছে।