EN ☀️
×

Follow Us

অর্থনীতি

আরেক ব্যাংকের দায়িত্ব হস্তান্তর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৭:৩৯ পিএম

আরেক ব্যাংকের দায়িত্ব হস্তান্তর
অ অ

আর্থিক সংকটে থাকা পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে আরেকটি ব্যাংকের নিয়ন্ত্রণ হস্তান্তর করা হয়েছে। এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের পর এবার তৃতীয় ব্যাংক হিসেবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সার্বিক পরিচালনা ও নিয়ন্ত্রণ নতুন ব্যাংকের কাছে তুলে দেওয়া হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে রবিবার চিঠির মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে অবহিত করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় ব্যাংকে আনুষ্ঠানিকভাবে ব্যাংকটির পরিচালনা ও নিয়ন্ত্রণ নতুন পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) ও এক্সিম ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা প্রশাসক প্রত্যাহার করে নিয়ন্ত্রণ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ হস্তান্তরের মাধ্যমে পাঁচ ব্যাংকের মধ্যে তিনটি ব্যাংক আনুষ্ঠানিকভাবে সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে চলে আসবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাকি দুটি ব্যাংক থেকেও দ্রুত পর্যায়ক্রমে প্রশাসক প্রত্যাহার করে নিয়ন্ত্রণ নতুন ব্যাংকের কাছে হস্তান্তর করা হবে।

জানা গেছে, বিগত সরকারের সময়ে এক্সিম ব্যাংক ছিল নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে। অন্যদিকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকসহ বাকি ব্যাংকগুলো ছিল এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে।

ব্যাংকগুলোর চরম আর্থিক সংকট এবং আমানতকারীদের আস্থার সংকট মোকাবিলায় অন্তর্বর্তী সরকার পাঁচটি ব্যাংক একীভূত করে ৩৫ হাজার কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করে। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা। বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের জমা অর্থের বিপরীতে শেয়ারে রূপান্তর করা হচ্ছে।

তবে পাঁচটি ব্যাংক একীভূত হলেও প্রযুক্তিগত সমন্বয়ের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আইটি ব্যবস্থা একীভূত না হওয়া পর্যন্ত পুরোনো নামেই আন্তর্জাতিক বাণিজ্য ও নস্ট্রো হিসাবের লেনদেন পরিচালিত হবে।

প্রযুক্তিগত একীকরণ সম্পন্ন হলে পাঁচ ব্যাংকের পৃথক পরিচিতি বিলুপ্ত হয়ে একক নামে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ হিসেবে পূর্ণাঙ্গ ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।

আরও পড়ুন