জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ডলার, আট বছরের সর্বোচ্চ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৬:৫৯ পিএম
দেশে সদ্য সমাপ্ত জুলাই মাসে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এ আয় ১৫ দশমিক ৪ শতাংশ বেশি। গত আট বছরের মধ্যে জুলাই মাসে এটিই সর্বোচ্চ রেমিট্যান্স।
রবিবার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের জুলাইয়ে এসেছে প্রায় ৩৮ কোটি ১০ লাখ ডলার বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত ৩০ ও ৩১ জুলাই—এই দুই দিনে দেশে এসেছে ১৫ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। এতে পুরো জুলাই মাসের মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ২৮৫ কোটি ৯০ লাখ ডলারে।
অর্থনীতিবিদদের ধারণা, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহ বাড়া, হুন্ডির বিরুদ্ধে নজরদারি জোরদার এবং ব্যাংকিং সেবার উন্নয়নের কারণে রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক রয়েছে।
তাদের মতে, রেমিট্যান্সের প্রবাহ অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে। একই সঙ্গে আমদানি ব্যয় মেটানো সহজ হবে এবং দেশের সামষ্টিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।