EN ☀️
×

Follow Us

অর্থনীতি

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কত?

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১১:০৩ এএম

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কত?

ছবি: সংগৃহীত

অ অ

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। সংগঠনটি বলেছে, স্থানীয় বাজারে তেজাবি (পিওর) স্বর্ণের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে কার্যকর হবে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৮২ হাজার ৪৩৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশাভেদে মজুরি প্রযোজ্য হবে। বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।

এর আগে গত ৬ জুলাই স্বর্ণের দাম কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরির মূল্য ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছিল। সেদফায় ভরিতে কমানো হয়েছিল ৩ হাজার ২৬৬ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৮৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৩ বার দাম বেড়েছে, ৪৪ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

আরও পড়ুন