বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা
এই তহবিলের আওতায় বিতরণ করা ঋণের গ্রাহক পর্যায়ে সুদের হার হবে ৭ শতাংশ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৫:০৪ পিএম
বন্ধ কলকারখানা পুনরায় চালু এবং দেশের অর্থনীতি চাঙা করতে ৬০ হাজার কোটি টাকার একটি বিশেষ প্রণোদনা তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিলের আওতায় বিতরণ করা ঋণের গ্রাহক পর্যায়ে সুদের হার হবে ৭ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান আজ শনিবার দুপুরে বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।
তিনি আশা করেন, এই উদ্যোগের ফলে দেশে নতুন করে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানান, এই তহবিলের ঋণে সরকার ৬ শতাংশ সুদ ভর্তুকি হিসেবে দেবে। আর গ্রাহকেরা ৭ শতাংশ সুদে ঋণ পাবেন। তিনি জানান, ৬০ হাজার কোটি টাকার তহবিলের মধ্যে ৪১ হাজার কোটি টাকা দেবে ব্যাংকগুলো এবং ১৯ হাজার কোটি টাকা পুনঃ অর্থায়ন তহবিল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বন্ধ কলকারখানা চালুর পাশাপাশি কৃষি খাত, পোশাক, সিএমএসএমই ও পরিবেশবান্ধব, সৃজনশীল অর্থনীতি (ক্রিয়েটিভ ইকোনমি) খাতে ঋণ ও অর্থায়ন করা হবে। এর মাধ্যমে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে কর্মসংস্থান তৈরি হবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরও বলেন, ‘দেশ থেকে ৫ লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে। ঋণের এক–তৃতীয়াংশ নাই হয়ে গেছে। এসবের বিপরীতে পর্যাপ্ত সম্পদ নেই।’