১৭ দিনে রেমিট্যান্স এল ২১৭ কোটি ডলার
খাত সংশ্লিষ্টরা বলছেন, ডলারের ভালো রেট ও সরকারি নানা উদ্যোগে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে...
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০২:৪৭ এএম
ছবি: সংগৃহীত
দেশের প্রবাসী আয়ে (রেমিট্যান্স) বড় ধরনের সুবাতাস বইছে। চলতি মে মাসের প্রথম ১৭ দিনেই দেশে ২১৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ১৭ মে—এক দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২১ কোটি ৭০ লাখ ডলার। আর ১ থেকে ১৭ মে পর্যন্ত আসা ২১৭ কোটি ৭০ লাখ ডলারের এই অঙ্ক গত বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি। গত বছরের মে মাসের প্রথম ১৭ দিনে রেমিট্যান্স এসেছিল ১৬১ কোটি ডলার। সেই হিসাবে বছরের ব্যবধানে এই ১৭ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩৫ দশমিক ২ শতাংশ।
খাত সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের নানা উদ্যোগ ও ব্যাংকিং চ্যানেলে ডলারের সন্তোষজনক রেটের কারণে প্রবাসীরা আগের চেয়ে অনেক বেশি অর্থ দেশে পাঠাচ্ছেন।