জাপানে ‘ফ্যাশন ওয়ার্ল্ড টোকিও’ মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন
উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘বাংলাদেশ সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পিএম
জাপানের টোকিওতে আজ (বুধবার) থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক পোশাক প্রদর্শনী 'ফ্যাশন ওয়ার্ল্ড টোকিও ২০২৬ (স্প্রিং)'। এবারের মেলায় বাংলাদেশ বড় পরিসরে অংশ নিয়েছে। সকালে টোকিও বিগ সাইটের সাউথ হলে বাংলাদেশ প্যাভিলিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহায়তায় এবারের মেলায় বাংলাদেশের তৈরি পোশাক ও চামড়াজাত পণ্যের ২৪টি প্রতিষ্ঠান মোট ২৬টি স্টল নিয়ে অংশ নিচ্ছে। উদ্বোধনের পর থেকেই বাংলাদেশি প্যাভিলিয়নে দর্শনার্থী ও জাপানি ব্যবসায়ীদের ভিড় এবং বাংলাদেশি পণ্যের প্রতি ব্যাপক আগ্রহ দেখা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘বাংলাদেশ সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে এই সেমিনারটি আয়োজন করে।
সেমিনারে জাপানে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির কৌশল ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন জেট্রো বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জনাব কাজুইকি কাতাওকা এবং সানকেই কো. লিমিটেডের গ্লোবাল অপারেশন ডিরেক্টর তেতসুরো কানো।
সেমিনারের সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, বাংলাদেশ বর্তমানে কেবল একটি উদীয়মান অর্থনীতি নয়, বরং টেকসই এবং উচ্চমানসম্পন্ন পণ্য উৎপাদনের এক বৈশ্বিক কেন্দ্র। আমাদের তৈরি পোশাক কারখানাগুলো এখন বিশ্বের অন্যতম সেরা ‘গ্রিন ফ্যাক্টরি’ হিসেবে স্বীকৃত। জাপানি ভোক্তাদের গুণগত চাহিদার সাথে সামঞ্জস্য রেখে আমরা এখন কাস্টমাইজড ডিজাইনের পোশাক, উন্নত মানের চামড়াজাত পণ্য এবং পরিবেশবান্ধব বহুমুখী পাটজাত পণ্য উৎপাদনে সক্ষম।
তিনি আরও বলেন, দুই দেশের মধ্যকার ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (ইপিএ) দুই দেশের বাণিজ্যে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। জাপানি ব্যবসায়ীরা যদি বাংলাদেশের এই বিশাল উৎপাদন সক্ষমতা এবং দক্ষ জনশক্তির সুবিধা গ্রহণ করেন, তবে উভয় দেশই লাভবান হবে। আমরা জাপানি উদ্যোক্তাদের বাংলাদেশের সাথে আরও নিবিড়ভাবে যুক্ত হওয়ার এবং আমাদের এই বৈচিত্র্যময় পণ্য সম্ভার আমদানি করার আহ্বান জানাই।
উল্লেখ্য, ‘ফ্যাশন ওয়ার্ল্ড টোকিও’ মেলাটি আগামী ১০ এপ্রিল পর্যন্ত চলবে। ওইদিন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে জাপান এক্সটারন্যাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) সহযোগিতায় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত হবে।