বিমান বহর বাড়াতে বোয়িংয়ের সঙ্গে লিজ আলোচনায় মন্ত্রণালয়
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০২:২৯ পিএম
ছবি: সংগৃহীত
দেশের আকাশপথে ক্রমবর্ধমান যাত্রীচাহিদা মোকাবিলায় বিমান বহর সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এ লক্ষ্যে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে নতুন বিমান লিজ নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে সরকার।
সোমবার (৬ এপ্রিল) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিঘি।
বেলা সাড়ে ১১টায় মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বোয়িংয়ের পূর্ববর্তী চুক্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে দেশের বর্তমান বিমান চলাচল পরিস্থিতি ও ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় লিজের ভিত্তিতে উড়োজাহাজ সংগ্রহের প্রস্তাব নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ করে বোয়িং তাদের ন্যারো বডি এয়ারক্রাফট, বিশেষ করে বি-৭৩৭ সিরিজের বিমান লিজ দেওয়ার বিষয়ে আগ্রহ দেখায়।
আলোচনা শেষে মন্ত্রী আফরোজা খানম দেশের স্বার্থ রক্ষা ও যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে দ্রুত লিজ প্রক্রিয়া এগিয়ে নেওয়ার নির্দেশনা দেন।
মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।