আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হচ্ছে আজ রাতে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০২:০৭ পিএম
ছবি: সংগৃহীত
২০২৫-২০২৬ করবর্ষের ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আজ মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১২টায় শেষ হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে করদাতাদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এবার কিছু ব্যতিক্রম ছাড়া সব ব্যক্তি করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ইতোমধ্যে এনবিআরের ই-রিটার্ন সিস্টেমে ৫০ লাখের বেশি করদাতা নিবন্ধন করেছেন এবং ৪২ লাখ ৫০ হাজারের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল সম্পন্ন করেছেন।
এ বছর রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে লিখিত আবেদন করলে সংশ্লিষ্ট কর কমিশনার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সময় বাড়ানোর অনুমতি দিতে পারবেন।
সময় বৃদ্ধির আবেদন প্রক্রিয়া সহজ করতে এনবিআর অনলাইন সুবিধা চালু করেছে। করদাতারা ই-রিটার্ন সিস্টেমে লগইন করে ‘Time Extension’ মেন্যুর মাধ্যমে দ্রুত ও স্বচ্ছভাবে আবেদন করতে পারবেন।
এনবিআর জানিয়েছে, জরিমানা বা অতিরিক্ত কর পরিহার করতে নির্ধারিত সময়ের মধ্যেই রিটার্ন দাখিল করা উচিত। তবে কেউ সময়মতো দাখিল করতে না পারলে ৩১ মার্চ রাত ১২টার মধ্যে যৌক্তিক কারণ দেখিয়ে অনলাইনে সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন।
যেসব করদাতা এখনো ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেননি, তারাও নিবন্ধন সম্পন্ন করে সময় বৃদ্ধির জন্য আবেদন করার সুযোগ পাবেন।
