আইসিসিবিতে ২৫তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো’র শীতকালীন আসর শুরু
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৪:২০ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে শুরু হয়েছে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘২৫তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৬ – উইন্টার এডিশন’। তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্য নিয়ে এই শীতকালীন আসর অনুষ্ঠিত হচ্ছে।
একই সঙ্গে শুরু হয়েছে ৮ম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০২৬।
২৪ বছরের ধারাবাহিকতায় কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এবং দ্যা সাব-কাউন্সিল অব টেক্সটাইল ইন্ডাস্ট্রি, চায়না কাউন্সিল ফর দ্যা প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি টেক্স চায়না)-এর যৌথ আয়োজনে এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে ২৮ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টা ৪৫ মিনিটে আইসিসিবির ৩ নম্বর রাজদর্শন হলে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম। আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিসিপিআইটি-টেক্স চায়নার সেক্রেটারি জেনারেল চেন বো।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের দূতাবাসের কমার্শিয়াল কনস্যুলেট সং ইয়াং, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) আরিফুর রহমান খান, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফিরোজ উদ্দিন এবং বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) পরিচালক নাফিস-উদ-দৌলা।
প্রদর্শনীদ্বয়ে ৬৫০টির বেশি বুথে ১৫টিরও অধিক দেশের প্রায় ৩২৫টি আন্তর্জাতিক ও স্থানীয় কোম্পানি অংশগ্রহণ করছে। এখানে উন্নতমানের সুতা, ফেব্রিক, ডেনিম, কাঁচামাল ও আধুনিক টেক্সটাইল প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে, যা দেশের তৈরি পোশাক ও বস্ত্রখাতের উদ্যোক্তা ও ক্রেতাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।