EN ☀️
×

Follow Us

ফিচার

ছোট বাসা সাজাতে যে ভুলগুলো প্রায়ই হয়

এস.বি.টুপসি

এস.বি.টুপসি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পিএম

ছোট বাসা সাজাতে যে ভুলগুলো প্রায়ই হয়

ছবি: সংগৃহীত

অ অ

আপনার বাসা ছোট? কিন্তু গোছানোর ভুলে অজান্তেই বাসা দেখাচ্ছে আরও ছোট ও ঘিঞ্জি। অনেকেই বাসার মাপ বুঝে আসবাব, জায়গা বুঝে পর্দার ব্যবহার, কোথায় তাক ব্যবহার করতে হবে, কোন রং বেছে নিতে হবে এসব বুঝতে পারেন না। ঘর সাজানোর নান্দনিকতা বুঝলে ছোটো ঘরও হয়ে উঠবে সুন্দর ও ছিমছাম।

সাধারণত বাসা বড় হোক আর ছোটো হোক - ঘর গোছানো বা সাজাতে কিছু মূল বিষয় খেয়াল করতেই হবে। যেমন- বাসার মাপ, দেওয়ালের ব্যবহার, আলোর বিন্যাস ইত্যাদি। বাসার আকার ছোটো হলে কম স্পেসকেই সর্বোচ্চ ব্যবহার করতে জানতে হবে।

বাসার মাপ না বুঝে আসবাবপত্র কেনা

ছোট বাসায় ফার্নিচার কিনতে হবে মাপ বুঝে। বড় খাট, সোফা, বিশাল আলমারি কেনা অনেক বড় ভুল। এগুলো ঘরের পুরো জায়গা দখল করে ফেলে। এরপর ঘরকে আরও ছোটো দেখায়।

মাল্টিপারপাস আসবাবপত্র না কেনা

ছোটো ঘরে প্রতিটা জায়গা ও জিনিসকে মাল্টিপারপাস বা পুনঃব্যবহার করা জানতে হবে। এ ভুলের কারণে প্রতিটা কাজে আলাদা জিনিস কেনা লাগে। ছোটো বাসায় বক্স খাট বা স্টোরেজসহ খাট, সোফা কাম বেড, ভাঁজ করা যায় এমন ফ্লোরিং বেড, খাবার টেবিল, চেয়ার ব্যবহার করা যায়।

দেয়ালের ভুল ব্যবহার

অনেকেই ভাবে সব ফার্নিচার দেয়ালের সাথে দাঁড় করালে ঘর বড় দেখাবে। কিন্তু সব ফার্নিচার দেওয়ালের সাথে ঘেঁসে দিলে ঘর একঘেঁয়ে ও ছোটো লাগে। বাতাস চলাচলের জন্য ফাঁকা জায়গা রাখতে হবে। দেওয়ালের লম্বালম্বি জায়গা বা কোণকে ব্যবহার করে তাক বা ক্যাবিনেট বানানো যায়। দেওয়ালের ব্যবহার না করে সব আসবাব মেঝেতে রাখলে ঘর ছোট হয়ে পড়ে।

দেয়াল ও পর্দার ভুল রং

ছোটো বাসায় মোটা, ভারী, গাঢ় রঙের পর্দা ব্যবহার করলে ঘরকে অন্ধকার দেখায়। ঘরকে বড় দেখাতে হালকা ওজনের, ছোট প্রিন্ট ও হালকা রঙের পর্দা বেছে নিতে হবে। পাশাপাশি দেয়ালে রং সবুজ, গাঢ় হলুদ, নীল, কমলা এমন হওয়া যাবে না। দেওয়ালের জন্য বেছে নিতে হবে সাদা, বিস্কুট, অফ হোয়াইট, ঘিয়া রং, হালকা নীল এমন হালকা রং।


অপ্রয়োজনীয় জিনিস জমানো

কখনো কাজে লাগতে পারে ভেবে ভাঙা কৌটা, বক্স, প্যাকেট এগুলো অনেকে বছরের পর বছর জমিয়ে রাখে। ছোটো বাসায় জায়গার সর্বোচ্চ ব্যবহার করতে অবশ্যই অপ্রয়োজনীয় জিনিস না জমানোর অভ্যাস করতে হবে।

টিউবলাইট ব্যবহার

পুরো ঘরের জন্য একটা টিউবলাইট ব্যবহার করলে ঘরের কোণগুলো অন্ধকার দেখায়। এজন্য জায়গা বুঝে স্পটলাইট ব্যবহার করা, টেবিল ল্যাম্প ও ওয়ার্ম লাইট বা উষ্ণ আলো পুরো ঘরে আরামদায়ক এক পরিবেশ তৈরি করবে।

স্টোরেজ ও গোছানোর ভুল

অতিরিক্ত টেবিল, বক্স বা ঝুড়ি মেঝেতে রেখে দেওয়া। মেঝেতে যত বেশি জিনিস থাকবে, ঘর তত ছোট দেখাবে।

অতিরিক্ত শো-পিস

ঘরের শোকেসে ঠেসে ঠেসে জিনিস রাখা, ঘরের আনাচে কানাচে ছোট শো পিস বা বড় ফ্রেমের ছবি এগুলো ঘরকে এলোমেলো করে ফেলে। চোখের ওপর চাপ পড়ে। ঘর পরিপাটি করার বদলে হিজিবিজি দেখায়।


জানালার সামনে আসবাব রাখা

জানালা ঘেঁষে খাট, আলমারি, ক্যাবিনেট দিয়ে জানালা ঢেকে দিলে ঘর অন্ধকার দেখায়। আলো বাতাস আসার পথ বন্ধ হয়ে যায়।

আধুনিক সময়ে বাসা ছোটো বা বড় হওয়ার চেয়ে ঘরের বাসিন্দার রুচি ও নান্দনিকতা বেশি প্রাধান্য পায়। তাই আপনি কীভাবে আপনার বাসা নিজের সৌন্দর্যবোধ দিয়ে সাজাচ্ছেন তাতেই ফুটবে আপনার ব্যক্তিত্বের পরিচয়।

আরও পড়ুন