প্রতিদিন পোশাক বেছে নেওয়া কর্মজীবী নারীর জন্য সময়সাপেক্ষ।
আলমারি ভরা কাপড় থাকলেও প্রায় নারীর রোজকার প্রশ্ন, ’আজ কী পরবো?’ দৈনিক ১৫-২০ মিনিট আলমারির সামনে দাঁড়িয়ে শুধু পোশাক নিয়ে সিদ্ধান্ত নেওয়া ব্যস্ত নারীর পক্ষে আজকাল অনেকটাই অসম্ভব। সময়ের অপচয়ের পাশাপাশি মানসিক ক্লান্তি এসে পড়ে। তাই এই সমস্যায় আধুনিক সমাধান স্মার্ট ক্যাপসুল ওয়ার্ড্রোব।
পশ্চিমা দেশগুলোর পাশাপাশি আমাদের দেশেও এখন ক্যাপসুল ওয়ার্ড্রোব পরিচিতি পাচ্ছে। কর্মজীবী নারীর দৈনিক সকালের নাস্তা তৈরি, ঘরের টুকিটাকি কাজ গোছানো আর এরপর অফিসে যাওয়ার তাড়া থাকে। একেক দিন একেক রঙের বা স্টাইলের পরতে গেলে যেমন পোশাকের সংখ্যা বাড়ে। অন্যদিকে বাড়ে ধোয়া, গোছানোর ঝামেলা।
ক্যাপসুল ওয়ার্ড্রোবের মূল মন্ত্রই হলো ‘কম কিন্তু মানসম্পন্ন পোশাক’। যা আপনি ঘুরিয়ে ফিরিয়ে পরলেও বোর হবেন না।
যেমন লাল রঙের জামার সঙ্গে সেটের লাল প্যান্ট ও ওড়না না পরে অন্য একটি সাদা / বেইজ কালারের জামা / ওড়না ম্যাচ করা।
রঙ নির্বাচন
পোশাক বাছাইয়ের আগে এর রঙের সমন্বয় করে নিতে হবে। পোশাক সহজে মেলানোর জন্য করার জন্য নিরপেক্ষ বা নিউট্রাল রঙ বেছে নেওয়া উচিত। কালো, নেভি ব্লু, গাঢ় ধূসর, ডার্ক গ্রে বা চকোলেট ব্রাউন- এগুলোকে বেইস বা ভিত্তিমূলক রঙ হিসেবে বেছে নেওয়া যায়। এর সঙ্গে নিউট্রাল বা নিরপেক্ষ রঙ সাদা, অফ-হোয়াইট, বেইজ বা ক্রিম কালার। এর সঙ্গে পছন্দমতো ঐচ্ছিক রঙ যেমন- হালকা নীল, জলপাই সবুজ, হালকা গোলাপি বা ল্যাভেন্ডার বেছে নিতে পারেন।
-6a9bfdcc7607a.jpg)
পোশাক নির্বাচন
নিউট্রাল রঙের ৩-৪টি কামিজ বা কুর্তি, ২টি হালকা রঙের কুর্তি ও ২টি ফরমাল পোশাক বেছে নিতে পারেন। ২টি এক রঙের কামিজ যেমন কালো/ সাদা, বেইজ বা নীল বা জলপাই সবুজ বেছে নিতে পারেন। যা যেকোনো ওড়না বা প্যান্টের সঙ্গে খুব সহজে ম্যাচ করা যায়। ২টি হালকা প্রিন্টের কামিজ বেছে নিন। যাতে ছোট স্ট্রাইপ, জ্যামিতিক প্রিন্ট বা হালকা ফ্লোরাল প্রিন্ট থাকবে।
ফরমাল পোশাকের ক্ষেত্রে ২টি লং শার্ট স্টাইল কুর্তি রাখা যায়। এটি আপনাকে কিছুটা ফরমাল বা স্মার্ট-ক্যাজুয়াল লুক দেবে।
প্যান্ট ১টি সাদা/অফ-হোয়াইট/বেইজ রঙের সোজা কাটের ট্রাউজার্স রাখা যায়। এটি প্রায় সব কামিজের সঙ্গেই পরা যায়। ১টি কালো ট্রাউজার্স বা সিগারেট প্যান্ট যা সব সময়ের জন্য ক্ল্যাসিক এবং ফরমাল।
কাপড়ের উপাদান
সুতি বা লিনেন কাপড়ের মধ্যে পোশাক বেছে নিন। যাতে সারাবছরই আরামের সঙ্গে পরা যায়। মনে রাখবেন, আরামই পোশাক বেছে নেওয়ার মূল শর্ত। অবশ্যই ভালো মানের পোশাক হতে হবে। যাতে দীর্ঘদিন পরা যাবে ও সহজে নষ্ট হবে না।
ওড়না বা স্কার্ফ
আপনি চাইলে ম্যাচিং রাখতে পারেন। তবে ঝামেলা এড়াতে চাইলে ১টি সাদা ও ১টি কালো ওড়না রাখা যায়। এগুলো সুতি বা জর্জেটের এক রঙের হলে মানানসই হয়। এছাড়া ১টি মাল্টিকালার ও ১টি ব্লক প্রিন্টের ওড়না- যা আপনার সলিড বা এক রঙের কামিজগুলোর সঙ্গে নতুন লুক দেবে।

প্রিন্ট নির্বাচন
পোশাক, ওড়না, কোটির ক্ষেত্রে এমন প্রিন্ট বাছাই করতে হবে যেন সব কিছুর সঙ্গেই মানিয়ে যায়। পোশাক বুঝে হালকা বা গাঢ় রঙ, ছোট ফ্লোরাল প্রিন্ট, জ্যামিতিক প্যাটার্ন, একরঙা, পলকা ডট এমন ধরনের প্রিন্ট রাখা যায়।
অতিরিক্ত অনুসঙ্গ
রেগুলার পোশাকের সঙ্গে লেয়ারিং করতে চাইলে শ্রাগ বা কোটি যুক্ত করা যায়। একটি সাধারণ কামিজের ওপর নেভি ব্লু বা কালো রঙের একটি শ্রাগ বা কোটি পরে নিলে মুহূর্তে লুকটি অনেক বেশি প্রফেশনাল দেখায়। অন্যান্য অনুষঙ্গের মধ্যে ১টি চামড়ার হাতঘড়ি বা মেটাল স্ট্র্যাপের ঘড়ি অফিস লুক সম্পূর্ণ করে।
ব্যাগের জন্য একটি কালো বা বাদামি টোটব্যাগ সব আবহাওয়া ও পরিবেশের জন্য মানানসই। জুতা নির্বাচন করুন আপনার আরাম বুঝে। কালো, বাদামি বা বেইজ রঙের ক্লোজড টো সু, স্নিকার, ব্যালেরিনা জুতা অফিসে পরার জন্য আদর্শ।
তাহলে আর দেরি কেন? আজই তৈরি করুন আপনার নিজস্ব ‘অফিস ক্যাপসুল ওয়ার্ড্রোব’ গোছানো পোশাক নির্বাচন সময় বাঁচাবে আর আপনি মনোযোগ রাখবেন শুধু আপনার কাজে।