EN ☀️
×

Follow Us

খাবার-দাবার

জিভে জল আনা গরুর মাংসের আচার তৈরির সহজ রেসিপি

সবচেয়ে ভালো দিক হলো—এটি আপনি ঘরেই সহজ উপায়ে তৈরি করে ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন।

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৭ জুন ২০২৫, ০৪:০২ পিএম

জিভে জল আনা গরুর মাংসের আচার তৈরির সহজ রেসিপি

ছবি: সংগৃহীত

অ অ

গরুর মাংস মানেই যেন ঝাল ঝাল ভুনা, কড়া মসলা দিয়ে রান্না করা কড়াই গোশত বা মেজবানি রান্নার আয়োজনে জমজমাট এক পদ! কিন্তু কখনও কি ভেবেছেন, এই মাংস দিয়েই বানানো যায় মুখরোচক আচার? হ্যাঁ, ঠিকই শুনেছেন—গরুর মাংসের আচার! স্বাদে-গন্ধে অতুলনীয় এই আচারে রয়েছে ভিন্ন এক ঘ্রাণ ও টেক্সচার, যা একবার চেখে দেখলে বারবার খেতে মন চাইবে। সবচেয়ে ভালো দিক হলো—এটি আপনি ঘরেই সহজ উপায়ে তৈরি করে ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। চলুন, জেনে নিই এই অসাধারণ আচারের সহজ রেসিপি।

উপকরণ

আচার মসলা তৈরির জন্য (১-৩):
১. পাঁচফোড়ন – ১ চা চামচ
২. শুকনো লাল মরিচ – ৩-৪টি
৩. আস্ত ধনিয়া – ১ চা চামচ

মাংস রান্নার জন্য (৪-১৪):
৪. হাড়-চর্বিবিহীন গরুর মাংস – ১ কেজি (কিউব করে কাটা)
৫. মরিচ গুঁড়া – আধা চা চামচ
৬. হলুদ গুঁড়া – আধা চা চামচ
৭. গরম মসলা গুঁড়া – আধা চা চামচ
৮. ভাজা জিরার গুঁড়া – আধা চা চামচ
৯. ধনিয়া গুঁড়া – আধা চা চামচ
১০. আদা বাটা – ১ চা চামচ
১১. রসুন বাটা – ১ চা চামচ
১২. লবণ – পরিমাণমতো
১৩. সরিষার তেল – ১ টেবিল চামচ
১৪. পানি – প্রয়োজন অনুযায়ী

পরবর্তী ধাপের জন্য (১৫-২৭):
১৫. লেবুর রস – ১টি লেবুর
১৬. চিনি – ১ চা চামচ
১৭. দারুচিনি – ২-৩ টুকরো
১৮. শুকনো লাল মরিচ – ২-৩টি
১৯. আস্ত রসুন কোয়া – আধা কাপ
২০. রসুন বাটা – ১ চা চামচ
২১. সাদা সরিষা বাটা – ১ টেবিল চামচ
২২. মরিচ গুঁড়া – আধা চা চামচ
২৩. হলুদ গুঁড়া – আধা চা চামচ
২৪. ভাজা জিরা গুঁড়া – আধা চা চামচ
২৫. তেঁতুলের ক্বাথ – ২ টেবিল চামচ
২৬. সেদ্ধ মাংস
২৭. আচারের মসলা (১-৩ নম্বর উপকরণ থেকে তৈরি)
২৮. বিট লবণ – আধা চা চামচ

প্রস্তুত প্রণালি

১. প্রথমে পাঁচফোড়ন, শুকনো মরিচ ও আস্ত ধনিয়া হালকা টেলে গুঁড়া করে রাখুন।
২. মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন এবং ছোট কিউব করে কেটে নিন।
৩. এরপর একটি প্যানে মাংস ও ৫-১৪ নম্বর উপকরণ একসাথে দিয়ে দিন। ঢেকে দিয়ে অল্প আঁচে রান্না করুন। মাঝে মাঝে নাড়ুন।
৪. পানি শুকিয়ে গেলে চুলা থেকে নামিয়ে রাখুন।

৫. অন্য একটি প্যানে সরিষার তেল দিন (পর্যাপ্ত পরিমাণে)। তেল গরম হলে দারুচিনি, আস্ত রসুন ও শুকনো মরিচ হালকা ভেজে নিন।
৬. এতে সেদ্ধ মাংস দিয়ে দিন। একে একে ২০-২৭ নম্বর সব উপকরণ যোগ করুন।
৭. অল্প আঁচে রান্না করুন যতক্ষণ না মাংসের রঙ কালচে হয়ে আসে।
৮. এবার লেবুর রস ও চিনি দিয়ে ২-৩ বার নাড়িয়ে চুলা থেকে নামিয়ে ফেলুন।

সংরক্ষণ টিপস
আচারটি যদি তেলের নিচে ডুবে থাকে, তবে তা সহজে নষ্ট হবে না। মাঝে মাঝে রোদে রাখলে আরও দীর্ঘদিন ভালো থাকবে। পরিষ্কার ও শুকনো কাচের এয়ারটাইট বোতলে রেখে ৬ মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন।

আরও পড়ুন