EN ☀️
×

Follow Us

খাবার-দাবার

হালিম, নেহারি ও ভুঁড়ি ভাজা: গরুর বিভিন্ন অংশ দিয়ে ৫টি মুখরোচক রেসিপি

এই পাঁচটি পদ ঈদ কিংবা বিশেষ দিনে সহজে ঘরে তৈরি করে পরিবেশন করতে পারেন পরোটা, রুটি বা নানের সঙ্গে।

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৭ জুন ২০২৫, ০১:০৫ পিএম

হালিম, নেহারি ও ভুঁড়ি ভাজা: গরুর বিভিন্ন অংশ দিয়ে ৫টি মুখরোচক রেসিপি

ছবি: সংগৃহীত

অ অ

গরুর মাংসের নানা অংশ দিয়ে রান্না করা যায় বিভিন্ন স্বাদের অসাধারণ পদ। রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা দিয়েছেন এমনই ৫টি রেসিপির সহজ নির্দেশনা, যাতে ঘরেই তৈরি করা যায় হালিম, নেহারি, ভুঁড়ি ভুনা ও কলিজা-ফেপসার মত সুস্বাদু খাবার।

বুটের ডাল দিয়ে হাড়ের মাংস

প্রয়োজনীয় উপকরণ:
হাড়যুক্ত গরুর মাংস, সিদ্ধ বুটের ডাল, পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, মসলা (হলুদ, মরিচ, ধনে, জিরা), কাঁচা মরিচ, এলাচ-দারচিনি, গরম মসলা, সয়াবিন তেল, তেজপাতা ও লবণ।

প্রস্তুত প্রণালি:
মাংস ভালোভাবে ধুয়ে রাখুন। ডাল আলাদা করে সিদ্ধ করুন। তেলে পেঁয়াজ ভেজে মসলা দিয়ে ভালোভাবে কষান। এরপর মাংস দিয়ে কম আঁচে রান্না করুন। শেষে ডাল, কাঁচা মরিচ ও ঘি দিয়ে ঘন করে রান্না করে নামিয়ে ফেলুন।

স্পেশাল হালিম

উপকরণ:
হাড়সহ গরুর মাংস, হালিম মিক্স, আদা-রসুন বাটা, মসলা, আস্ত শুকনা মরিচ, রসুন কুচি, গোটা সরিষা, কাঁচা মরিচ, আদা ও ধনেপাতা কুচি ইত্যাদি।

পদ্ধতি:
হালিম মিক্স গরম পানিতে ভিজিয়ে রাখুন। তেলে পেঁয়াজ ভেজে মসলা দিয়ে মাংস রান্না করুন। হালিম মিক্স দিয়ে কিছুক্ষণ নেড়ে ফোড়ন দিয়ে আরও কয়েক মিনিট রান্না করুন। শেষে উপরের কুচিগুলো ছড়িয়ে পরিবেশন করুন।

ভুঁড়ি ভাজা ভুনা

উপকরণ:
গরুর ভুঁড়ি, পেঁয়াজ ও আদা কুচি, মসলা, কাঁচা মরিচ, এলাচ-দারচিনি, তেজপাতা, গরম মসলা।

পদ্ধতি:
ভুঁড়ি ভালোভাবে পরিষ্কার করে সিদ্ধ করে নিন। এরপর তেলে পেঁয়াজ ভেজে ভুঁড়ি দিয়ে কষান। বাকি মসলা ও কাঁচা মরিচ দিয়ে লালচে করে ভুনে নামিয়ে নিন।

গরুর পায়া (নেহারি)

উপকরণ:
পায়া, আদা-রসুন বাটা, বাদাম বাটা, মসলা, পেঁয়াজ, গরম মসলা, চিনি, দুধ, কেওড়া জল, কর্নফ্লাওয়ার, কাঁচা মরিচ ইত্যাদি।

পদ্ধতি:
পায়া পরিষ্কার করে মসলা দিয়ে কষিয়ে পানিসহ ৩ থেকে ৮ ঘণ্টা ধীরে রান্না করুন। শেষে ময়দা গুলিয়ে দিয়ে ঘন করে আদা-পেঁয়াজ ভাজা দিয়ে পরিবেশন করুন।

কলিজা-ফেপসা ঝাল ভুনা

উপকরণ:
কলিজা, ফেপসা, গুর্দা, তিল্লি, পেঁয়াজ কুচি ও বেরেস্তা, মসলা, কাঁচা মরিচ, তেজপাতা, সয়াবিন তেল।

পদ্ধতি:
কলিজা-ফেপসা সিদ্ধ করে ছোট টুকরো করুন। তেলে মসলা কষিয়ে মাংস দিয়ে রান্না করুন। শেষে বেরেস্তা, কাঁচা মরিচ, গরম মসলা দিয়ে ঝাল ঝাল করে নামিয়ে ফেলুন।

এই পাঁচটি পদ ঈদ কিংবা বিশেষ দিনে সহজে ঘরে তৈরি করে পরিবেশন করতে পারেন পরোটা, রুটি বা নানের সঙ্গে। স্বাদে ও গন্ধে আলাদা এই রান্নাগুলো বাড়িতেই আনতে পারে রেস্টুরেন্টের স্বাদ!

আরও পড়ুন