ভাতের পরিবর্তে রুটি খাওয়ার উপকারিতা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৩ মে ২০২৫, ০৭:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
অনেকেই ভাতের বদলে রুটি খেতে বেশি পছন্দ করেন। আসলে, যদি সারা বছরই এই অভ্যাস বজায় রাখা যায়, তবে সেটা স্বাস্থ্যের পক্ষে উপকারী হতে পারে। তবে একেবারে ভাত খাওয়া বন্ধ করে দেওয়া ঠিক নয়। যাঁরা প্রতিদিন ভাত খান, তাঁরা হঠাৎ করে তা বাদ দিলে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। একইভাবে, নিয়মিত শুধু রুটি খেলেও পেটের অসুবিধা হতে পারে।
রুটি খাওয়া কেন উপকারী? আর কী কী বিষয় মাথায় রাখা জরুরি?
ভাত আর রুটির মধ্যে কোনটা বেশি স্বাস্থ্যকর, এই প্রশ্ন অনেকের মনেই আসে। কেউ বলেন, ভাত খেলে ওজন বাড়ে, আবার কেউ বলেন রুটি খেলেই শরীর ঠিক থাকে। কেউ কেউ আবার বলেন, দুটোতেই প্রায় একই পরিমাণ ক্যালোরি থাকে, তবে রুটি মেপে খাওয়া যায় বলে পরিমাণ নিয়ন্ত্রণে রাখা সহজ।
ভাত ও রুটির মধ্যে দুটোতেই কার্বোহাইড্রেট বেশি থাকে। তবে রুটিতে ফাইবার থাকে, যা সাদা ভাতে নেই। ফাইবার থাকার ফলে রুটি খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে, ফলে ওজন কমাতে সাহায্য করে। ভাত খেলে রক্তে শর্করার পরিমাণ হঠাৎ বাড়তে পারে, যা ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর। রুটি খেলে এমন হয় না।রুটির গ্লাইসেমিক ইনডেক্স তুলনামূলকভাবে কম, তাই রুটি ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ।
এছাড়া রুটিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ও পটাশিয়াম থাকে, যা সাদা ভাতে অনুপস্থিত। ফাইবার থাকার কারণে রুটি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে, হজম ভালো হয়, অ্যাসিডিটি কম হয়।
যাঁরা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান বা যাঁদের ডায়াবেটিস আছে, তাঁরা সাদা ভাতের বদলে ব্রাউন রাইস বেছে নিতে পারেন। আবার যাঁরা নিয়মিত রুটি খেয়ে হজমের সমস্যায় পড়েন, তাঁরাও ব্রাউন রাইস খেয়ে দেখতে পারেন। এটি অনেক দিক থেকে উপকারী।