EN ☀️
×

Follow Us

ইলেকট্রনিক্স

আপনার ফোনেরও কি বিশ্রাম প্রয়োজন? জেনে নিন সপ্তাহে কতবার রিস্টার্ট করবেন

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ফোনের ব্যাটারি ও পারফরম্যান্স ঠিক রাখতে সপ্তাহে অন্তত একবার মোবাইল রিস্টার্ট করা উচিত।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪২ এএম

আপনার ফোনেরও কি বিশ্রাম প্রয়োজন? জেনে নিন সপ্তাহে কতবার রিস্টার্ট করবেন

ছবি: সংগৃহীত

অ অ

বর্তমান যুগে স্মার্টফোন ছাড়া জীবন কল্পনা করা প্রায় অসম্ভব। যোগাযোগ, অফিসের কাজ, অনলাইন ক্লাস, বাজার করা কিংবা বিল পরিশোধ—সবক্ষেত্রেই ফোন এখন অপরিহার্য। তবে সারাক্ষণ সচল থাকা এই ডিভাইসটিরও প্রয়োজন নিয়মিত ‘বিশ্রাম’।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ফোনের ব্যাটারি ও পারফরম্যান্স ঠিক রাখতে সপ্তাহে অন্তত একবার মোবাইল রিস্টার্ট করা উচিত। মাত্র এক মিনিটের জন্য ফোন বন্ধ রাখলেই এর আয়ু বাড়ে এবং হঠাৎ বড় ধরনের সমস্যা হওয়ার ঝুঁকি কমে।

কেন ফোনকে বিশ্রাম দেওয়া প্রয়োজন?

ব্যাটারির স্বাস্থ্য রক্ষা: সারাক্ষণ চালু থাকলে ব্যাটারির ওপর চাপ পড়ে, অতিরিক্ত গরম হয় এবং চার্জ দ্রুত ফুরিয়ে যায়। নিয়মিত রিস্টার্ট করলে ব্যাটারি ঠান্ডা হওয়ার সুযোগ পায়।

পারফরম্যান্স উন্নত হয়: দীর্ঘসময় ফোন চালু থাকলে কিছু অ্যাপ বন্ধ হলেও মেমোরি ব্যবহার করে। রিস্টার্ট করলে এসব মেমোরি লিক কমে গিয়ে ফোন দ্রুত কাজ করে।

নেটওয়ার্ক সমস্যা সমাধান: পুরোনো ফোনে মোবাইল ডাটা বা ওয়াইফাই কাজ না করলে রিস্টার্টের মাধ্যমে নতুনভাবে কানেক্ট হয়।

অপ্রয়োজনীয় ক্যাশ ডাটা মুছে যায়: দীর্ঘ ব্যবহারে ফোনে জমে থাকা ক্যাশড ডাটা রিস্টার্টের ফলে পরিষ্কার হয়।

ব্যাকগ্রাউন্ড অ্যাপ নিয়ন্ত্রণ: ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপ র‍্যাম দখল করে ও ব্যাটারি খরচ বাড়ায়। রিস্টার্ট করলে এসব অ্যাপ বন্ধ হয়ে ফোনের কর্মক্ষমতা বৃদ্ধি পায়।

কতবার রিস্টার্ট করবেন?

বিশেষজ্ঞরা বলছেন, সপ্তাহে অন্তত একবার ফোন বন্ধ করে এক মিনিটের জন্য বিশ্রাম দেওয়া উচিত। তবে যারা পুরোনো বা অতিরিক্ত ব্যবহারকৃত ফোন ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে সপ্তাহে দুই থেকে তিনবার রিস্টার্ট করা আরও ভালো ফল দেয়।

স্মার্টফোন জীবনকে সহজ করেছে বটে, তবে এরও নিয়মিত যত্ন প্রয়োজন। তাই চার্জ দেওয়ার পাশাপাশি সপ্তাহে অন্তত একবার ফোনকে বিশ্রাম দেওয়ার অভ্যাস গড়ে তুললে ফোন যেমন দীর্ঘদিন ভালো থাকবে, তেমনি ব্যবহারকারীর ঝামেলাও কমে আসবে। [সূত্র : রিডার্স ডাইজেস্ট ও দ্য মিরর]

আরও পড়ুন