ফরিদপুরে জাতীয় যুব দিবসে র্যালি, যুবঋণের চেক বিতরণ
ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পিএম
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে ফরিদপুরে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, যুবঋণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুপুর সাড়ে ১২টায় শহরের জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশান্ত কুমার বাড়ৈ অনুষ্ঠান সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য দেন উপ-পরিচালক এএসএম মইনুল আহসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম এ হালিম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেন, যুব উদ্যোক্তা তানিয়া পারভীন এবং প্রধানমন্ত্রীর ভলান্টিয়ার অ্যাওয়ার্ডপ্রাপ্ত তরুণ সংগঠক নীরব ইমতিয়াজ শান্ত।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন টেকসই করতে যুবসমাজের ভূমিকা অনস্বীকার্য। প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। মাদক, সন্ত্রাস, দুর্নীতি, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং ও সাইবার অপরাধ প্রতিরোধে তরুণদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে আত্মকর্মসংস্থানে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ সুবিধা সর্বোচ্চ কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন বক্তারা।
অনুষ্ঠানে সমাজসেবা ও যুব উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচজন যুব সংগঠককে সম্মাননা স্মারক দেওয়া হয়। পাঁচজন সফল যুব উদ্যোক্তার হাতে তুলে দেওয়া হয় যুবঋণের চেক। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে অধিদপ্তরের প্রশিক্ষণার্থী, কর্মকর্তা-কর্মচারী, তাঁদের অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।