দিনাজপুরে ব্যাটারিচালিত অটোর ডিজিটাল নম্বর প্লেট বিতরণ
ডেইলি সান রিপোর্ট, দিনাজপুর
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পিএম
দিনাজপুরে অটোর ডিজিটাল নম্বর প্লেট বিতরণ উদ্বোধন করছেন এমপি জাহাঙ্গীর আলম। ছবি: ডেইলি সান
দিনাজপুর পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার ডিজিটাল নম্বর প্লেট পুনর্বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার সকালে পৌরসভা কার্যালয় চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
আয়োজকেরা জানান, দিনাজপুর পৌরসভা ও সদর উপজেলার দশটি ইউনিয়নে মোট ১০ হাজার ডিজিটাল নম্বর প্লেট দেওয়া হবে।
নম্বর প্লেট বিতরণের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে পৌরসভা চত্বরে বৃক্ষরোপণ কার্যক্রমেরও উদ্বোধন করেন সৈয়দ জাহাঙ্গীর আলম। এ সময় তিনি একটি নিমগাছ ও একটি জলপাইগাছের চারা রোপণ করেন।
পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি) মীর তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম, শহর পরিকল্পনাবিদ গৌতম কুমার রায়, প্রধান সহকারী মো. মজিবর রহমান বাচ্চু ও উপ-সহকারী প্রকৌশলী মো. ময়েজ উদ্দিন। এ ছাড়া ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ সুমন ও মো. মোস্তফা কামাল মিলন এবং সাবেক পৌর কাউন্সিলর মতিবুর রহমান বিপ্লব।