বাংলাদেশে সিঙ্গাপুরের বিনিয়োগ বাড়ানোর আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সিঙ্গাপুরের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার, দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পন্ন এবং জ্বালানি ও শ্রম খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ করেন। পরে তিনি প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
ঢাকায় নতুন দায়িত্ব গ্রহণ করায় ফিলিপ ওংকে অভিনন্দন জানিয়ে হুমায়ুন কবির দুই দেশের মধ্যে সহযোগিতা আরও এগিয়ে নিতে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। এ ছাড়া বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ, দ্রুত এফটিএ সম্পন্ন, বাংলাদেশে সিঙ্গাপুরের বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি সহযোগিতা এবং শ্রম খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন তিনি।
এ সময় জলবায়ু সহযোগিতাবিষয়ক সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
জবাবে ফিলিপ ওং বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আশ্বাস দেন। পাশাপাশি সুবিধাজনক সময়ে সিঙ্গাপুর সফরের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানান তিনি।
বৈঠকে আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার পাশাপাশি আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি) চুক্তিতে বাংলাদেশের সদস্যপদ লাভের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সিঙ্গাপুরের অব্যাহত সহযোগিতা কামনা করেন হুমায়ুন কবির।
এ ছাড়া গত ১৯ নভেম্বর ২০২৬ সালে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ‘দ্য গাম্বিয়া বনাম মিয়ানমার’ মামলায় দেওয়া রায়ের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে সিঙ্গাপুরের অব্যাহত সহযোগিতাও কামনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।