EN ☀️
×

Follow Us

কূটনীতি

বাংলাদেশ সফরে জাতিসংঘের শিক্ষা র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৫ পিএম

বাংলাদেশ সফরে জাতিসংঘের শিক্ষা র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ

জাতিসংঘের শিক্ষা র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদের বাংলাদেশ সফর।

অ অ

জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ বাংলাদেশ সফরে এসেছেন। সোমবার (২৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (দ্বিপক্ষীয়) ড. মো. নজরুল ইসলামের সঙ্গে তিনি বৈঠক করেন। দেশের শিক্ষা পরিস্থিতি জানা ও শিক্ষার অধিকার নিয়ে আলোচনার অংশ হিসেবে এ বৈঠক হয়।

বৈঠকে সচিব ফরিদা শহীদকে বাংলাদেশে স্বাগত জানান। সবার জন্য অন্তর্ভুক্তিমূলক, সমতাভিত্তিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিতে সরকারের অঙ্গীকারের কথাও তুলে ধরেন তিনি।

সরকারের প্রধান উদ্যোগগুলো ব্যাখ্যা করে সচিব জানান, স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা সম্প্রসারণ করা হচ্ছে। একই সঙ্গে জোরদার করা হচ্ছে কারিগরি, বৃত্তিমূলক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা। দূরবর্তী ও সুবিধাবঞ্চিত এলাকার শিশুদের শিক্ষার সুযোগ আরও বাড়াতে সরকারের পরিকল্পনা ও কর্মসূচির কথাও তিনি জানান।

সচিব আশা প্রকাশ করেন, এ সফর শিক্ষার অধিকারের বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা ও অর্থবহ মতবিনিময়ে সহায়ক হবে। সফর থেকে আসা পর্যবেক্ষণ ও সুপারিশ শিক্ষা খাত শক্তিশালী করতে সরকারের চলমান প্রচেষ্টায় ভূমিকা রাখবে বলেও তিনি আশা করেন। পুরো সফরজুড়ে সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

জবাবে ফরিদা শহীদ উষ্ণ অভ্যর্থনা ও সফর আয়োজনে সহায়তার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। বাংলাদেশের শিক্ষানীতি, উদ্যোগ ও চ্যালেঞ্জ সম্পর্কে জানার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অবস্থানকালে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে গঠনমূলক আলোচনার অপেক্ষায় আছেন বলেও জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকবেন ফরিদা শহীদ। জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার হিসেবে এটি তাঁর প্রথম বাংলাদেশ সফর। সফরকালে তিনি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন এবং সুশীল সমাজের সংগঠনসহ অন্যান্য অংশীজনের সঙ্গে মতবিনিময় করবেন।

আরও পড়ুন