EN ☀️
×

Follow Us

কূটনীতি

দিল্লিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

দিল্লিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন

ছবি: সংগৃহীত

অ অ

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গৌরব, মর্যাদা ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর সামরিক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল যশপাল সিং আহলাওয়াত। এ ছাড়া ভারতের সশস্ত্র বাহিনীর ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রবীণ সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক এবং ভারতে কর্মরত প্রতিরক্ষা উপদেষ্টা ও অ্যাটাশেরা অনুষ্ঠানে যোগ দেন।

বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদান ও দিবসটির তাৎপর্য তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রতিরক্ষা উপদেষ্টা উইং কমান্ডার মুহাম্মদ নাজমুল হক। তিনি অতিথিদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতি এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদানের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান। তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সততা, সাহসিকতা ও নিষ্ঠার গৌরবোজ্জ্বল ঐতিহ্যের কথা তুলে ধরেন।

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি ও শৃঙ্খলা সুদৃঢ় করতে তাঁর নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা স্মরণ করেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে নেওয়া উদ্যোগগুলোর কথাও উল্লেখ করেন।

ভারপ্রাপ্ত হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে অতীতের গৌরবোজ্জ্বল প্রাতিষ্ঠানিক ঐতিহ্য সমুন্নত রাখার পাশাপাশি ভবিষ্যতের প্রযুক্তিগত ও কৌশলগত চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি মহান মুক্তিযুদ্ধে ভারতের জনগণ ও সামরিক বাহিনীর সদস্যদের অবদান এবং আত্মত্যাগের কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তাঁর মতে, এসব অবদান বাংলাদেশ ও ভারতের অভিন্ন ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়েছে।

প্রীতি রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক গভীর, বহুমাত্রিক এবং বহুপক্ষীয়। দুই দেশের জনগণের মধ্যে নিবিড় যোগাযোগ এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও সমৃদ্ধির অভিন্ন আকাঙ্ক্ষার ওপর এ সম্পর্ক প্রতিষ্ঠিত। সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে তিনি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিসরে বন্ধুপ্রতিম সব দেশ ও অংশীদারের সঙ্গে বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বিশেষ বক্তব্যে লেফটেন্যান্ট জেনারেল যশপাল সিং আহলাওয়াত বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যকার সুদৃঢ় বন্ধনের কথা তুলে ধরেন। তিনি বলেন, আস্থা, বোঝাপড়া ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এ সম্পর্ক গড়ে উঠেছে। আগামী দিনগুলোতে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও বিস্তৃত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ ও ভারতকে স্বাভাবিক অংশীদার হিসেবে অভিহিত করে তিনি বলেন, দুই দেশের ঐতিহাসিক, সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক বিশ্বে অনন্য।

কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। পরে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।

আরও পড়ুন