স্লোভেনিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ
তেল-গ্যাস অনুসন্ধানে স্লোভেনিয়ার কোম্পানিকে স্পিকারের আমন্ত্রণ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পিএম
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়।
বৈঠকে স্পিকার দেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনে স্লোভেনিয়ার কোম্পানিকে আমন্ত্রণ জানান।
স্পিকার বলেন, বাংলাদেশ ও স্লোভেনিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি যুগোস্লাভিয়া সফর করেছিলেন। যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি মার্শাল টিটোকে তিনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করেন। স্পিকারের ভাষ্য, স্বাধীনতার পর থেকেই তৎকালীন যুগোস্লাভিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বিকশিত হয়েছে।
বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা প্রসঙ্গে স্পিকার বলেন, এটি ছিল দীর্ঘ প্রতীক্ষার। ১৯৪৭ সালে দেশভাগের পরও গণতান্ত্রিক উত্তরণ সম্ভব হয়নি। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করায় মুক্তিযুদ্ধ শুরু হয়। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে স্বাধীনতা এলেও গণতন্ত্র অধরাই থেকে যায়। বিভিন্ন সময়ের সামরিক ও স্বৈরাচারী শাসন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে। তাঁর ভাষ্য, গত ১৬ বছর প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের সাংবিধানিক অধিকার নস্যাৎ করা হয়।
রাষ্ট্রদূত তোমাজ মেনসিন বলেন, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়েছে। ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের পর্যবেক্ষক দল এই নির্বাচন পর্যবেক্ষণ করেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি জানান, স্লোভেনিয়া সরকার বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী।
সাক্ষাৎকালে দুজনই দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফর বিনিময়, রোহিঙ্গা সংকট ও এর সমাধান, মুক্ত বাণিজ্য চুক্তি এবং ক্রীড়া ও সংস্কৃতি বিনিময়ে গুরুত্ব দেন।
সাক্ষাতে স্লোভেনিয়ার দূতাবাসের কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।