বাংলাদেশি ওষুধ-পোশাকের বাজার সম্প্রসারণে আগ্রহী ঘানা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী পশ্চিম আফ্রিকার দেশ ঘানা। দেশটির বাজারে বাংলাদেশের ওষুধ, তৈরি পোশাক, সিরামিক, প্লাস্টিক ও পাটজাত পণ্যের বড় সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ঘানার হাইকমিশনার প্রফেসর কোয়াসি অবিরি-ডানসো।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আগ্রহের কথা জানান।
বৈঠকে ঘানার হাইকমিশনার বলেন, বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ মাত্র ৩৫ থেকে ৪০ লাখ মার্কিন ডলার। এই পরিমাণ বাড়াতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, ঘানায় আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়ার (AfCFTA) কার্যালয় অবস্থিত। ফলে ঘানার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পারলে আফ্রিকার বিশাল বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশের সুযোগ তৈরি হবে।
এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বলেন, বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য, সিরামিক, প্লাস্টিক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য ঘানায় রপ্তানির বড় সম্ভাবনা রয়েছে। এ জন্য দুই দেশের শীর্ষ বাণিজ্য সংগঠনের মধ্যে তথ্য বিনিময়, সরাসরি ও অনলাইন বৈঠক এবং উপযুক্ত ব্যবসায়িক অংশীদার খুঁজে বের করার ওপর গুরুত্ব দেন তিনি।
উল্লেখ্য, ঘানা বিশ্ববাজারে স্বর্ণ ও কোকো বীজের অন্যতম রপ্তানিকারক দেশ।
বৈঠকে এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর, ঘানার মিনিস্টার-কাউন্সেলর (পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক) সাকরাতা লামিনি ইদ্রিসু, মিনিস্টার-কাউন্সেলর মুনিরু কাদিরি এবং অনারারি কনসুলের বিশেষ সহকারী আরপো খান উপস্থিত ছিলেন।
