কাতারে বাংলাদেশি কর্মীদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান হুমায়ুন কবিরের
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পিএম
কাতারে দক্ষ ও আধা দক্ষ বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। রবিবার (১৫ নভেম্বর) ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী আল কাহতানির সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে কাতারের রাষ্ট্রদূত দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আবদুল আজিজ আল খুলায়ফির পক্ষ থেকে দোহায় অনুষ্ঠেয় একটি সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণপত্র হুমায়ুন কবিরের কাছে হস্তান্তর করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
বৈঠকে হুমায়ুন কবির বাংলাদেশ ও কাতারের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অনাবিষ্কৃত সম্ভাবনা কাজে লাগিয়ে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
অন্যদিকে কাতারের অর্থনীতিতে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করেন রাষ্ট্রদূত সেরায়া আলী আল কাহতানি। তিনি বাংলাদেশি কর্মীদের নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও মর্যাদাবোধের কথা উল্লেখ করেন।
রোহিঙ্গা সংকট নিয়েও বৈঠকে আলোচনা হয়। এ সংকট মোকাবিলায় বিভিন্ন বহুপক্ষীয় ফোরামে কাতার সরকারের অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সংকটের টেকসই সমাধানে কাতারের অব্যাহত সহযোগিতা ও সম্পৃক্ততা কামনা করেন তিনি।