EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কপ৩১ সম্মেলনে পাটের ১৩০ ধরনের পণ্য তুলে ধরল বাংলাদেশ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পিএম

কপ৩১ সম্মেলনে পাটের ১৩০ ধরনের পণ্য তুলে ধরল বাংলাদেশ
অ অ

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে প্রথমবারের মতো পাট প্যাভিলিয়ন স্থাপন করেছে বাংলাদেশ। তুরস্কের আনতালিয়ায় চলমান কপ৩১ সম্মেলনে পাটকে প্লাস্টিকের পরিবেশবান্ধব বিকল্প হিসেবে তুলে ধরছে ঢাকা। প্যাভিলিয়নে পাটের তৈরি ১৩০ ধরনের প্রায় ৫৫০ কেজি পণ্য প্রদর্শন করা হচ্ছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সম্মেলনের ব্লু জোনে বাংলাদেশ প্যাভিলিয়নে ‘প্রাকৃতিক তন্তু, শূন্য বর্জ্য ও স্বল্প ব্যয়ে অভিযোজন: কপ৩১-এর কর্মপরিকল্পনায় বাংলাদেশের পাটের সমাধান’ শীর্ষক এক পার্শ্ববৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এতে সভাপতিত্ব করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে। সহযোগী হিসেবে ছিল তুরস্কের জিরো ওয়েস্ট ফাউন্ডেশন, জাতিসংঘের প্রকল্প সেবা কার্যালয় (ইউএনওপিএস) এবং গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন (জিসিএ)।

স্বাগত বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পাটকে বাংলাদেশের নবায়নযোগ্য ও জীবাণুবিয়োজ্য প্রাকৃতিক সম্পদ হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের কৃষকেরা পাট উৎপাদন করেন। দেশের শিল্প খাতেও বাণিজ্যিকভাবে পাটের পণ্য তৈরি হচ্ছে।

তিনি বলেন, ‘আজ আমরা যেসব উপাদান বেছে নিচ্ছি, তা আগামীকাল আমাদের সন্তানদের জন্য কেমন পৃথিবী রেখে যাব, তা নির্ধারণ করবে।’

তুরস্কের জিরো ওয়েস্ট আন্দোলনের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, শূন্য বর্জ্য ও প্রাকৃতিক তন্তু একই অঙ্গীকারের দুটি অংশ। বাংলাদেশের স্বল্প ব্যয়ে জলবায়ু অভিযোজনের অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি। এর মধ্যে রয়েছে ভাসমান বাগান, আগাম সতর্কীকরণ ব্যবস্থা ও লবণাক্ততা সহনশীল ফসল। এসব উদ্যোগের মাধ্যমে তিনি বোঝান, জলবায়ু সহনশীলতা অর্জনে সব সময় বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয় না।

তুরস্কের গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির পরিবেশবিষয়ক কমিটির চেয়ারম্যান মেহমেত গালিপ এনসারিওগলু বলেন, প্রতিটি দেশের উন্নয়ন অগ্রাধিকার বিবেচনায় নিয়ে ভারসাম্যপূর্ণ ও বাস্তবসম্মতভাবে জলবায়ুনীতি বাস্তবায়ন করা প্রয়োজন।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে তুরস্ক অত্যন্ত গুরুত্ব দেয়। পাট খাতে বাংলাদেশের অভিজ্ঞতা পুরো শিল্পের জন্য একটি অনুকরণীয় উদাহরণ। ২০১৭ সালে চালু হওয়া তুরস্কের জিরো ওয়েস্ট প্রকল্প অভিযোজন ও বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সূচনা করেছে। বৃত্তাকার অর্থনীতির মডেল গড়ে তুলতে বাংলাদেশের পাটবিষয়ক অভিজ্ঞতা থেকেও শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে।

জাতিসংঘের প্রকল্প সেবা কার্যালয়ের (ইউএনওপিএস) এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পরিচালক সারা অস্টিন নেটজার বলেন, সবুজ ও জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে বাংলাদেশকে সহায়তা দিয়ে আসছে ইউএনওপিএস। বাংলাদেশের তৃতীয় জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) বাস্তবায়নে সরকারের সঙ্গে সংস্থাটির অংশীদারত্ব আরও জোরদার হবে।

তিনি বলেন, বাংলাদেশের প্রাকৃতিক তন্তু, দক্ষ জনবল ও উৎপাদন সক্ষমতা রয়েছে। প্রাকৃতিক তন্তু স্থানীয় সম্পদের সঙ্গে কৃষক ও নকশাবিদদের যুক্ত করে। এর মাধ্যমে দীর্ঘস্থায়ী মূল্য তৈরি হয়। ঢাকায় আন্তর্জাতিক পাট বাণিজ্য ও প্রদর্শনী প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে যৌথভাবে কাজ করার সুযোগ তৈরি করবে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল শেপার এবং থ্রেডিং চেঞ্জের প্রতিষ্ঠাতা সোফিয়া ইয়াং ফ্যাশনশিল্পে ন্যায্য ও সমতাভিত্তিক ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমানে অধিকাংশ পোশাক প্লাস্টিকভিত্তিক কৃত্রিম তন্তু দিয়ে তৈরি। এসবের পরিবর্তে প্রাকৃতিক তন্তুর ব্যবহার জরুরি। এ ক্ষেত্রে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

কসোভোর পরিবেশ পরিকল্পনামন্ত্রী ফিতোরে প্যাকোলি বলেন, পরিবেশবিষয়ক সিদ্ধান্ত মানুষের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলে। তাই টেকসই উপকরণকে দৈনন্দিন ব্যবহারের অংশ করতে হবে। 

কসোভো পাটকে স্বাগত জানাতে প্রস্তুত উল্লেখ করে তিনি বলেন, দেশটির খ্যাতনামা নকশাবিদেরা পাটের পণ্য তৈরিতে আগ্রহী। এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।

অ্যারোহা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ম্যাথিউ ম্যাককিনন পাট প্যাভিলিয়নকে পাটের সক্ষমতার বাস্তব প্রমাণ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান প্রায় নেই বললেই চলে। অথচ দেশটি বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ রাষ্ট্র। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশকে তুলনামূলকভাবে বেশি বোঝা বহন করতে হচ্ছে। বৈশ্বিক জলবায়ু কার্যক্রমে বাংলাদেশের অবদান আরও বাড়াতে পারে পাট।

গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের (জিসিএ) পানি ও জলবায়ু অভিযোজন বিশেষজ্ঞ ফয়সাল রহমান বলেন, ২০২০ সাল থেকে ঢাকায় সংস্থাটির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কার্যালয় রয়েছে। বাংলাদেশে স্থানীয় পর্যায়ে পরিচালিত জলবায়ু অভিযোজন কার্যক্রমে সহযোগিতার অভিজ্ঞতার ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আরও গভীরভাবে কাজ করার পরিকল্পনা করছে সংস্থাটি।

কপ৩১ সম্মেলনে প্রথমবারের মতো পাট প্যাভিলিয়ন স্থাপনকে বাংলাদেশের জলবায়ু ও অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে দেখা হচ্ছে। পাটের তৈরি ১৩০ ধরনের প্রায় ৫৫০ কেজি পণ্য প্রদর্শনের মাধ্যমে প্লাস্টিকের বিকল্প হিসেবে প্রাকৃতিক তন্তুর ব্যবহার বাড়ানোর সম্ভাবনা তুলে ধরছে বাংলাদেশ।

আরও পড়ুন