ম্যানিলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পিএম
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ফিলিপাইনের ম্যানিলায় বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গত ৭ নভেম্বর সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেলে আয়োজন করা হয় আলোচনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্য এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
আলোচনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। এরপর দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করা হয়। এ ছাড়া চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) নির্মিত দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা পর্বে বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় জীবনে অবিস্মরণীয় একটি দিন। দেশের ইতিহাসেও দিনটি একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। তিনি ৭ নভেম্বরের বিপ্লবে অংশগ্রহণকারী বীর সেনানী ও দেশপ্রেমিক জনতার প্রতি গভীর শ্রদ্ধা জানান।
রাষ্ট্রদূত বলেন, তাঁবেদারি অপশাসন, দুর্নীতি, নৈরাজ্য ও আধিপত্যবাদী ষড়যন্ত্রের কঠিন সময়ে সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম বন্দিদশা থেকে মুক্ত হন। এর মধ্য দিয়ে দেশ তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব ফিরে পায়।
পরে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।