EN ☀️
×

Follow Us

কূটনীতি

নির্বাহী নেতৃত্ব প্রশিক্ষণে পাকিস্তান গেলেন বিসিএসের ৩৪ ঊর্ধ্বতন কর্মকর্তা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পিএম

নির্বাহী নেতৃত্ব প্রশিক্ষণে পাকিস্তান গেলেন বিসিএসের ৩৪ ঊর্ধ্বতন কর্মকর্তা
অ অ

দুই সপ্তাহের নির্বাহী নেতৃত্ব প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে পাকিস্তান গেছেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৩৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তা। তাদের মধ্যে অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তারাও রয়েছেন।

রবিবার (৮ নভেম্বর) পাকিস্তানের লাহোরে ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসিতে (এনএসপিপি) প্রশিক্ষণ নিতে ঢাকা ছাড়েন তারা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানাতে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

এর আগে প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন পাকিস্তানের হাইকমিশনার। অনুষ্ঠানে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা, পেশাগত সহযোগিতা ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে দুই দেশের সম্পর্ক জোরদারে এ প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইমরান হায়দার সরকারি প্রশাসনে ঘনিষ্ঠ সম্পর্ক ও সহযোগিতা বাড়াতে পাকিস্তান ও বাংলাদেশের নেতৃত্বের দৃষ্টিভঙ্গি এবং অঙ্গীকারের কথা তুলে ধরেন। এ সময় তিনি দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও পারিবারিক বন্ধনের কথাও উল্লেখ করেন।

তিনি বলেন, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ব্যাপক সম্ভাবনা রয়েছে।

২০২৫ সালের আগস্টে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মুহাম্মদ ইসহাক দারের ঢাকা সফরের সময় ঘোষিত ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’-এর বিষয়টিও তুলে ধরেন হাইকমিশনার।

তিনি জানান, ২০২৬ সালে ১৭০ জন বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়েছেন। শিগগিরই আরও ২০ জন শিক্ষার্থী সেখানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

হাইকমিশনার আরও জানান, চলতি বছরের শুরুতে বাংলাদেশের ১২ জন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা নির্বাহী নেতৃত্ব প্রশিক্ষণ কর্মসূচির প্রথম ব্যাচ সফলভাবে সম্পন্ন করেন। বর্তমান প্রতিনিধিদল এ কর্মসূচির দ্বিতীয় ব্যাচ। এটি দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান প্রাতিষ্ঠানিক সহযোগিতার প্রতিফলন।

আরও পড়ুন