EN ☀️
×

Follow Us

কূটনীতি

রবীন্দ্রনাথের রাশিয়া সফরের ৯৬ বছর, ঢাকায় বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পিএম

রবীন্দ্রনাথের রাশিয়া সফরের ৯৬ বছর, ঢাকায় বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন

ছবি: সংগৃহীত

অ অ

রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক রাশিয়া সফরের ৯৬ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলা ও রুশ ভাষায় কবিতা আবৃত্তি, রবীন্দ্রসংগীত পরিবেশনা, বই পরিচিতি ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে স্মরণ করা হয় কবির ঐতিহাসিক সফর এবং রাশিয়া সম্পর্কে তার অভিজ্ঞতা ও উপলব্ধি।

শনিবার (৩১ অক্টোবর) ঢাকার রাশিয়ান হাউস ও সংস্কৃতির যৌথ উদ্যোগে ‘দ্য ওয়ার্ল্ড-ফিলিং লাইট: টেগোর’স জার্নি টু রাশিয়া—লেটার্স, সংস অ্যান্ড রিফ্লেকশনস’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৩০ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত ইউনিয়ন সফরকে স্মরণ করে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সোভিয়েত সমাজ সম্পর্কে কবির অভিজ্ঞতা, শিক্ষা, সামাজিক অগ্রগতি, মানবিক মর্যাদা এবং সাধারণ মানুষের জীবনযাত্রা নিয়ে তার পর্যবেক্ষণ ও ভাবনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকার রাশিয়ান হাউসের পরিচালক আলেক্সান্দ্রা এ খলেভনয়। তিনি বলেন, সোভিয়েত ইউনিয়নের শিক্ষাব্যবস্থার প্রতি রবীন্দ্রনাথের গভীর আগ্রহ ও প্রশংসা ছিল। বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বর্তমান শিক্ষা সহযোগিতার ক্ষেত্রেও বিষয়টি গুরুত্বপূর্ণ।


তিনি আরও জানান, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়া সরকারের বৃত্তির সংখ্যা প্রতিবছর বাড়ছে। এর ফলে বাংলাদেশের তরুণদের রাশিয়ায় উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ আরও সম্প্রসারিত হচ্ছে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বাংলা ও রুশ ভাষায় কবিতা আবৃত্তি। সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী ভেরোনিকা ক্লিমচেঙ্কো রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আবৃত্তি করেন। তিনি বিদেশি ভাষা হিসেবে বাংলা অধ্যয়ন করেছেন এবং বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইন্টার্নশিপ করছেন। এ ছাড়া ঢাকার রাশিয়ান হাউসের রুশ ভাষা কোর্সের শিক্ষার্থীরাও কবিতা আবৃত্তিতে অংশ নেন।

সাংস্কৃতিক পর্বে মস্কোর এমজিআইএমও ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ‘আমি চিনি গো চিনি তোমারে’ গানটি পরিবেশন করেন। ইউলিয়ানা ঝাভোরনকোভা পরিবেশন করেন ‘গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ’। পরে সংস্কৃতির শিল্পীরা রবীন্দ্রনাথ ঠাকুরের নির্বাচিত গান পরিবেশন করেন। এসব পরিবেশনার মধ্য দিয়ে কবির সর্বজনীন মানবতাবাদী দর্শন এবং বাংলা ও রাশিয়ার দীর্ঘদিনের সাংস্কৃতিক বন্ধন তুলে ধরা হয়।

এ ছাড়া অনুষ্ঠানে ড. ইন্দ্রজিৎ রায়ের লেখা ‘দ্য সোভিয়েত ইউনিয়ন ইন ইটস আর্লি ডেইজ: ইন দ্য আইজ অব দ্য পোয়েট রবীন্দ্রনাথ ঠাকুর’ বইটির পরিচিতি তুলে ধরা হয়। বইটি নিয়ে আলোচনা করেন মোশতাক আহমেদ। পাশাপাশি ‘লেটার্স ফ্রম রাশিয়া’ বই থেকে পাঠ এবং ‘টেগোর ইন রাশিয়া’ (১৯৬১) শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আয়োজকদের মতে, এ অনুষ্ঠান রবীন্দ্রনাথের রাশিয়া সফরের অভিজ্ঞতা নতুন করে জানার পাশাপাশি বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক ও শিক্ষাগত সম্পর্ক নিয়ে ভাবনার সুযোগ তৈরি করেছে। সাহিত্য, সংগীত ও শিক্ষার মধ্য দিয়ে দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধন আরও দৃঢ় হচ্ছে।

অনুষ্ঠান আয়োজনে সহযোগিতার জন্য সংস্কৃতি এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. মকবুল হোসাইনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকার রাশিয়ান হাউস। একই সঙ্গে অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পী, শিক্ষার্থী, গবেষক ও অতিথিদের প্রতিও ধন্যবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন