লালন সাঁই ছিলেন মানবতার আলোকবর্তিকা: ভারতীয় হাইকমিশনার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০১ পিএম
ছবি: কামরুল ইসলাম রতন
ফকির লালন শাহ বা লালন সাঁইকে মানবতার আলোকবর্তিকা বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
তিনি বলেন, ফকির লালন শাহের দর্শন মানুষকে পথ দেখায়। তাকে শুধু বিশেষ কোনো দিনে নয়, প্রতিদিন স্মরণ করা প্রয়োজন।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘লালন সন্ধ্যা’ অনুষ্ঠানে বক্তব্যে দীনেশ ত্রিবেদী এসব কথা বলেন। কিংবদন্তি বাউল সাধক লালন শাহের চিরন্তন সৃষ্টিকর্ম ও দর্শন উদ্যাপনে এ সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়। ঢাকায় ভারতীয় হাইকমিশন ও ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
দীনেশ ত্রিবেদী বলেন, সমুদ্রে দিক হারানো কোনো জাহাজ যেমন পথ খুঁজতে আলোকবর্তিকার দিকে তাকিয়ে থাকে, তেমনি মানবতার পথ খুঁজতেও লালন শাহের দর্শন গুরুত্বপূর্ণ।

এ সময় লালন শাহের সর্বজনীন মানবতা ও অন্তর্ভুক্তির দর্শনের কথা তুলে ধরেন ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, লালন শাহ বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বের সেতুবন্ধ হিসেবেও কাজ করছেন।
অনুষ্ঠানে সরকারের জ্যেষ্ঠ প্রতিনিধি, সংগীতশিল্পী, সাংস্কৃতিক কর্মী, নাগরিক সমাজের সদস্য এবং জ্যেষ্ঠ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সন্ধ্যার আয়োজন সাজানো হয় লালন শাহের গান, দর্শন ও মানবতাবাদী বাণীকে কেন্দ্র করে।
সংশ্লিষ্টরা বলেন, লালন শাহের গান ও দর্শন আজও দেশের সীমানা ছাড়িয়ে মানুষকে যুক্ত করছে। মানবতা, ভালোবাসা ও সম্প্রীতির অভিন্ন মূল্যবোধ ছড়িয়ে দিচ্ছে তার সংগীত।