নেপাল ভ্রমণে বাংলাদেশিদের আমন্ত্রণ জানালেন রাষ্ট্রদূত
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫০ এএম
নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশি পর্যটকদের নেপাল ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। তিনি বলেন, পর্যটন ও দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ালে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ঢাকায় নেপালের পর্যটন নিয়ে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।‘নেপাল ইজ কলিং: ভিজিট, এক্সপ্লোর, এক্সপেরিয়েন্স’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকায় নেপাল দূতাবাস ও নেপাল ট্যুরিজম বোর্ড।
রাষ্ট্রদূত নেপালের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক বৈচিত্র্য ও পর্যটনের নানা সুযোগ তুলে ধরেন। তিনি বাংলাদেশিদের দেশটি ঘুরে দেখার এবং নেপালের সংস্কৃতি ও সৌন্দর্য উপভোগ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে গত ২৬ আগস্টের ভয়াবহ আকস্মিক বন্যার প্রভাবের কথাও তুলে ধরেন রাষ্ট্রদূত। একই সঙ্গে নেপালের পর্যটন খাতের ঘুরে দাঁড়ানোর সক্ষমতা এবং এ খাতের উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা জানান তিনি।
বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন নাহার চৌধুরী দুই দেশের পর্যটন সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, যোগাযোগব্যবস্থা উন্নত হলে দুই দেশের পর্যটন খাত আরও এগিয়ে যাবে।
তিনি বাংলাদেশ ও নেপালের ভ্রমণ সংস্থাগুলোকে ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে যৌথ পর্যটন প্যাকেজ তৈরি এবং নতুন অংশীদারত্ব গড়ে তোলার পরামর্শ দেন। এতে দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। 
অনুষ্ঠানে নেপাল ট্যুরিজম বোর্ডের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সন্তোষ কুমার ঘিমিরে দেশটির পর্যটন আকর্ষণ নিয়ে একটি উপস্থাপনা দেন। এতে অবকাশযাপন, সংস্কৃতি, ধর্মীয় স্থান, অ্যাডভেঞ্চার ও সুস্থতাকেন্দ্রিক ভ্রমণের সুযোগ তুলে ধরা হয়। ব্যবসায়িক সভা, সম্মেলন ও প্রদর্শনী আয়োজনের সুযোগের কথাও তুলে ধরেন তিনি। তাঁর মতে, নেপাল সারা বছর ভ্রমণের জন্য উপযোগী একটি নিরাপদ ও অতিথিপরায়ণ দেশ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কারকি, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি মোহাম্মদ হানিফ এবং এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও নেপালের ভ্রমণ সংস্থাগুলোর মধ্যে ব্যবসায়িক আলোচনা হয়। এতে যৌথ ভ্রমণ প্যাকেজ, দলগত ভ্রমণ ও পর্যটন প্রচারের উদ্যোগ নিয়ে আলোচনা করেন প্রতিনিধিরা। পরে নেপালের সংস্কৃতি তুলে ধরে বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে র্যাফল ড্রয়ের আয়োজনও ছিল। পুরস্কারের মধ্যে ছিল হিমালয়া এয়ারলাইনসের সৌজন্যে বিমানের টিকিট এবং নেপালের বিভিন্ন ভ্রমণ সংস্থার দেওয়া ছুটির প্যাকেজ।
এদিকে, নেপাল ট্যুরিজম বোর্ডের নেতৃত্বে দেশটির ভ্রমণ সংস্থার প্রতিনিধিরা ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারে অংশ নিচ্ছেন। ঢাকায় ২৯ থেকে ৩১ অক্টোবর এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
