টোকিওতে হাসপাতাল, নার্সিং সেন্টার ও জাদুঘর পরিদর্শন জুবাইদা রহমানের
প্রিন্সেস তাকামাদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪০ এএম
জাপান সফরের তৃতীয় দিনে টোকিওতে হাসপাতাল, হোম-কেয়ার নার্সিং সেন্টার ও জাদুঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান। এদিন জাপানের রাজপরিবারের সদস্য প্রিন্সেস তাকামাদোর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) দিনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে স্বাস্থ্যসেবা, প্রবীণ পরিচর্যা ও জাপানের ঐতিহ্য-সংস্কৃতিবিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে দেখেন জুবাইদা রহমান।
সকালে টোকিওর হানেদা ইনোভেশন সিটিতে অবস্থিত ফুজিতা হেলথ ইউনিভার্সিটি হানেদা ক্লিনিক পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন তিনি। এ সময় ক্লিনিকের উন্নত চিকিৎসাপ্রযুক্তি ও বিভিন্ন স্বাস্থ্যসেবা সম্পর্কে তাকে অবহিত করা হয়।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিশ্বে এ ধরনের মাত্র পাঁচটি সিটি স্ক্যানার রয়েছে। এ ছাড়া পেট-সিটি ও এমআরআই সুবিধা এবং বিভিন্ন নমুনা সংগ্রহে ব্যবহৃত রোবট প্রযুক্তি সম্পর্কেও ধারণা নেন তিনি।
পরে টোকিওর বুনকিও-কু এলাকায় সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশন পরিচালিত কমিউনিটিভিত্তিক হোম-কেয়ার নার্সিং সেন্টার হংগো পরিদর্শন করেন জুবাইদা রহমান। সেখানে নার্সিং ও পুনর্বাসন কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
দুপুরের খাবারের পর ইউয়েনো পার্কে অবস্থিত টোকিও ন্যাশনাল মিউজিয়াম পরিদর্শন করেন তিনি। এ সময় জাপানের ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন নিদর্শন ঘুরে দেখেন।
বিকেলে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনে ফাউন্ডেশনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন জুবাইদা রহমান। দিনের কর্মসূচির শেষ পর্যায়ে জাপানের রাজপরিবারের সদস্য প্রিন্সেস তাকামাদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।