ইইউর সঙ্গে বাণিজ্য চুক্তিতে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪০ পিএম
ছবি: সংগৃহীত
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এগিয়ে নেওয়া এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর ইউরোপের বাজারে বাণিজ্য সুবিধা ধরে রাখতে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী স্যোয়ার্ড স্যোয়ার্ডসমার সঙ্গে বৈঠকে এ সহযোগিতা চান বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, নেদারল্যান্ডসের প্রযুক্তিগত দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে কৃষি, পাটশিল্প, শিল্পায়ন এবং রপ্তানি বহুমুখীকরণে দুই দেশের সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে। ইইউর বাজারে দীর্ঘমেয়াদি প্রবেশাধিকার নিশ্চিত করতে মুক্ত বাণিজ্য চুক্তির কারিগরি আলোচনা এগিয়ে নেওয়া এবং শুল্কবহির্ভূত বাধা দূর করার ওপরও গুরুত্ব দেন তিনি।
আলোচনায় নেদারল্যান্ডসের উন্নত বীজপ্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, পরিবেশবান্ধব পাটপণ্য উৎপাদন এবং কৃষিপণ্যের সংরক্ষণ ও বাজারজাতকরণে যৌথ উদ্যোগের সম্ভাবনা উঠে আসে।
এ ছাড়া বাংলাদেশের সার কারখানা আধুনিকায়নে ডাচ প্রযুক্তিপ্রতিষ্ঠান স্ট্যামিকার্বনের সহযোগিতা, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং লালদিয়া টার্মিনালসহ বন্দর অবকাঠামো উন্নয়নে ডাচ প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়। নদী ও খাল খনন, বন্যা নিয়ন্ত্রণ এবং পানি ব্যবস্থাপনায় নেদারল্যান্ডসের গবেষণা সংস্থা ডেল্টারেসের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়টিও আলোচনায় স্থান পায়।
বৈঠকে নেদারল্যান্ডসের মন্ত্রী দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান এবং বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেলসহ দুই দেশের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।