EN ☀️
×

Follow Us

কূটনীতি

যক্ষ্মা শনাক্তে ঢাকার বস্তিতে জাপানের অনুদান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ এএম

যক্ষ্মা শনাক্তে ঢাকার বস্তিতে জাপানের অনুদান

ছবি: সংগৃহীত

অ অ

ঢাকার বস্তি এলাকায় যক্ষ্মা (টিবি) শনাক্তকরণ কার্যক্রম বাড়াতে ১ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার অনুদান দিচ্ছে জাপান। এ অর্থে একটি টয়োটা ল্যান্ড ক্রুজার ও একটি বহনযোগ্য ডিজিটাল এক্স-রে যন্ত্র কেনা হবে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকায় জাপান দূতাবাসে এ-সংক্রান্ত চুক্তি সই হয়েছে। জাপানের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)-এর প্রতিনিধিরা চুক্তিতে সই করেন।

জাপানের গ্রাসরুটস হিউম্যান সিকিউরিটি প্রজেক্টস (GGP) কর্মসূচির আওতায় এ অনুদান দেওয়া হচ্ছে। প্রকল্পটির মাধ্যমে স্বাস্থ্যসেবা পাওয়া কঠিন—এমন এলাকার মানুষের কাছে মোবাইল টিমের সাহায্যে যক্ষ্মা পরীক্ষা পৌঁছে দেওয়া হবে। 

প্রকল্পের আওতায় বছরে প্রায় ৯ হাজার মানুষকে স্ক্রিনিং করার লক্ষ্য রয়েছে। এতে আগে শনাক্ত না হওয়া যক্ষ্মা রোগীদের খুঁজে বের করে দ্রুত চিকিৎসার আওতায় আনা সম্ভব হবে। পাশাপাশি রোগটির সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকিও কমবে বলে আশা করা হচ্ছে।

চুক্তি সই অনুষ্ঠানে রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, মানুষের জীবন ও মর্যাদা সুরক্ষাকে জাপান অত্যন্ত গুরুত্ব দেয়। স্বাস্থ্যসেবা পেতে বাধার মুখে পড়া মানুষের কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে এ প্রকল্প সেই অঙ্গীকার বাস্তবায়ন করবে।

অনুষ্ঠানে টয়োটা সুসো করপোরেশনের ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানি উপস্থিত ছিলেন। প্রকল্পের গাড়ি ও যন্ত্রপাতি ব্যবহারে টয়োটা সুসো করপোরেশন ও ফুজিফিল্ম কারিগরি প্রশিক্ষণ দেবে।

জাপান ১৯৮৯ সাল থেকে GGP কর্মসূচির আওতায় বাংলাদেশে ২২৪টি এনজিও প্রকল্পে সহায়তা দিয়েছে। এসব প্রকল্পে দেশটিকে এখন পর্যন্ত প্রায় ১ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার অনুদান দেওয়া হয়েছে।

আরও পড়ুন